অর্ধাহারী আদিবাসীদের মধ্যে চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী অরুণপাড়া থেকে প্রায় নয় ঘণ্টা পাহাড়ি পথ হেঁটে বাঘাইহাট সাজেক সড়কের ৯ নম্বর এলাকায় এসেছেন আরতি ত্রিপুরা (৬৫)। উদ্দেশ্য, ত্রাণের চাল নেওয়া।তিনি জানান, গত শুক্রবার রাত নয়টার দিকে তাঁদের পাড়ায় খবর পৌঁছায় যে গত শনিবার চাল দেওয়া হবে। তাই গ্রামের অন্যদের সঙ্গে দিবাগত রাত একটার দিকে বাড়ি থেকে বের হন।চার সদস্যের পরিবারের জন্য ২৫ কেজি চাল পেয়ে আরতি ভীষণ খুশি। তিনি জানান, দেড় মাসেরও বেশি সময় ধরে কখনো এক বেলার বেশি ভাত জোটেনি। তাঁদের পাড়ায় টাকা দিলেও চাল পাওয়া যাচ্ছে না। এ কারণে বাঁচার জন্য জঙলি আলু খেয়ে থাকতে হচ্ছে।শুধু আরতি ত্রিপুরা নন, সাজেকের শিয়ালদাইলুই মৌজার ভূষণ ত্রিপুরা (৬০), বেটলিং মৌজার পুরান জুথপুই গ্রামের অলিন্দ্র ত্রিপুরা (৬৫), একই মৌজার হগরাপাড়ার প্রধান (কারবারি) কমল বিকাশ চাকমাসহ (৪৫) অর্ধাহারে-অনাহারে থাকা চার শরও বেশি পরিবারের লোক শনিবার জড়ো হয় ৯ নম্বর এলাকায়।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সাজেকের ২২টি পাড়ার ৪০০ আদিবাসী পরিবারকে ২৫ কেজি করে মোট ১০ মেট্রিক টন চাল দেওয়া হয়। সকাল নয়টা থেকে প্রায় সারা দিন ত্রাণের চাল বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, কাচালং কলেজের প্রভাষক দেব প্রসাদ দেওয়ান ও লালনকান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ রেহান উদ্দিন জানান, সাজেকের অভাবী মানুষের জন্য দুই মাসের ভিজিএফ কর্মসূচি চালু হচ্ছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়ার বিষয়টি তাঁদের জানানো হয়েছে। খাদ্যশস্য পৌঁছালেই কর্মসূচি শুরু হবে।গত বুধবার প্রথম আলোয় ‘অর্ধাহারে-অনাহারে আদিবাসীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর ত্রাণ বিতরণে প্রশাসনের তোড়জোড় শুরু হয়। জুমচাষ ভালো না হওয়া এবং হলুদের দাম কমে যাওয়ায় আদিবাসী পাড়াগুলোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে।