অর্ধেক আসনে জেলা নেত্রীদের সুযোগ দেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের অর্ধেকেই এবার ঢাকার বাইরের জেলা শহরের নারীনেত্রীদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি বর্তমান মহিলা সাংসদদের অধিকাংশই বাদ পড়বেন।
দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, আওয়ামী লীগের প্রাপ্য ৪২টি আসনের মধ্যে অন্তত ২০টি আসন তৃণমূল নেত্রীদের দেওয়া হবে। এ ক্ষেত্রে পুরোনো ১৯ জেলা থেকে ১৯ জন মনোনয়ন পাবেন। ইতিমধ্যে সারা দেশের প্রায় এক হাজার নারীনেত্রী মনোনয়ন ফরম নিয়েছেন।
সূত্রমতে, গত বৃহস্পতিবার গণভবনে বেশ কয়েকজন নারীনেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি তাঁদের বলেছেন, পুরোনোদের আবার সুযোগ না দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব পালনকালে অপেক্ষাকৃত ভালো কাজ করেছেন এমন কয়েকজন বর্তমান মহিলা সাংসদকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের শীর্ষপর্যায় থেকে জানা গেছে।
নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ১৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব রাজনৈতিক দলগুলোর সাধারণ সম্পাদক এবং সব স্বতন্ত্র সাংসদের কাছে দেওয়া চিঠিতে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য দলীয় অবস্থান জানিয়ে কমিশনকে লিখিতভাবে জানানোর অনুরোধ জানিয়েছেন।
২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী, এ অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তাঁর পদে বহাল রাখার পক্ষে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে জোরালো মত আছে। কিন্তু তিনি সরাসরি নির্বাচন না করায় তাঁকে স্পিকার করতে হলে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে আসতে হবে। শিরীন শারমিন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র জানায়, রাজনৈতিক ঘরানার বাইরে থেকেও এবার কিছু নারীকে মনোনয়ন দেওয়া হতে পারে। তা ছাড়া কেবল ঢাকাভিত্তিক কেন্দ্রীয় নেত্রীদের মধ্যেই মহিলা আসন সীমাবদ্ধ রাখা হবে না। মাঠপর্যায়ের নেতাদেরও এবার নেওয়া হবে। দলীয় সভানেত্রী শেখ হাসিনা বিশেষ করে যাঁদের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ অর্জনসহ তদবির-বাণিজ্যের অভিযোগ আছে, তাঁদের কেবল সংসদ নয়, দলীয় পদ থেকেও বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির নারীদের বিবেচনায় নেওয়া হবে।
এ ক্ষেত্রে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূরজাহান, ছাত্রলীগের সাবেক নেত্রী মারুফা আক্তার, টাঙ্গাইল মহিলা লীগের সভানেত্রী মনোয়ারা বেগম, উত্তরবঙ্গের নারীনেত্রী মুক্তি মির্জা, যুব মহিলা লীগের জাকিয়া সুলতানা ও নাহরিন আক্তার, মহিলা লীগের শিরিন নইম মনোনয়ন পেতে পারেন। পুরোনোদের মধ্যে আশরাফুন্নেছা মোশাররফ, ফরিদুন্নাহার, ফজিলাতুন্নেছা, তারানা হালিম, নাজমা আক্তার, অপু উকিলের সম্ভাবনার কথা বলছেন কেউ কেউ।
২৯ জানুয়ারির আগে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা যায়, সংসদে প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও স্বতন্ত্র সাংসদেরা গতকাল শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনকে কিছু জানাননি। ২৯৭ আসনের নির্বাচনে আওয়ামী লীগ ২৩৩, জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, স্বতন্ত্র ১৫, তরীকত ফেডারেশন দুই, জাতীয় পার্টি (জেপি) এক এবং বিএনএফের একজন সাংসদ নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী, ৫০টি সংরক্ষিত মহিলা আসন সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো আনুপাতিক হারে পাবে। অর্থাৎ দলগুলো প্রতি ছয় আসনের বিপরীতে একটি নারী আসন পাবে। স্বতন্ত্র সাংসদেরা কোনো জোট গঠন করলে তাঁরা তিনজন সাংসদ পাবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তাঁদের জোট গঠনের কথা চিঠি দিয়ে জানাতে হবে।
তবে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র সাংসদেরা কোনো জোট গঠন করবেন না। সে ক্ষেত্রে স্বতন্ত্র সাংসদদের হিসাব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত হবে। ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৪২, জাতীয় পার্টি ছয়, ওয়ার্কার্স পার্টি ও জাসদ একটি করে আসন পাবে। দলগুলোর কাছ থেকে লিখিত চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন নারী আসন ভাগ করবে।
আওয়ামী লীগ আজ নির্বাচন কমিশনকে চিঠি দিতে পারে। কমিশন কাল রোববার সংরক্ষিত আসনের তফসিল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।
নির্বাচন কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে জানান, সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র সাংসদদের চিঠি পেলে ২৯ জানুয়ারির আগেই মহিলা আসনে নির্বাচন সম্ভব।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের নারীনেত্রীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। অভিনেত্রী, নায়িকাসহ অন্যান্য শ্রেণীপেশার নারীরাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। গণভবনসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাছে নারীনেত্রীরা ছোটাছুটি করছেন।
গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। কাল রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনীত নারীদের নাম প্রকাশ করা হবে।