বিরোধী দলবিহীন ‘একতরফা’ এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে মাত্র ১৪৬ আসনে। এর প্রায় অর্ধেক আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগেরই স্থানীয় নেতারা।
দলীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, অন্তত ৫৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়বেন। এ ছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে ১৪টিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন আওয়ামী লীগের নেতারা।
শেরপুর-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা।
ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফর উল্যাহ। তাঁর বিরুদ্ধে লড়ছেন মজিবুর রহমান চৌধুরী। তিনি বর্তমান সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরীর ভাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়।
পাবনা-১ আসনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিপক্ষে নির্বাচন করছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। আর ময়মনসিংহ-৩ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের পথের কাঁটা হয়ে আছেন নিজ দলের নাজনীন আলম। ময়মনসিংহ-১১ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহর প্রতিপক্ষ নিজ দলের সাহাদাত উল্লাহ চৌধুরী।
ঢাকা মহানগরের আটটি আসনের মধ্যে তিনটিতেই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মোস্তফা জালাল মহিউদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সেলিম।
ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদারের প্রতিপক্ষ ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ ইলিয়াস মোল্লার ভাই এখলাস মোল্লা। আবার ঢাকা-১৬ আসনে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক নেতা এস এ মান্নান।
মুন্সিগঞ্জ-২ আসনে বর্তমান হুইপ সাগুফতা ইয়াসমিনের প্রতিপক্ষ মাহবুবউদ্দিন আহমেদ। নরসিংদী-৩ আসনে জহিরুল হক ভূঁইয়াকে চাপে ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা। নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্দ্বী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা শওকত আলী।
গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা খুরশীদ জাহান। গাইবান্ধা-২ আসনে বর্তমান সাংসদ মাহবুব আরা গিনির বিরুদ্ধে লড়ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মকদুবুর রহমান। গাইবান্ধা-৪ আসনে মনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোলাম মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের স্থানীয় নেতা খুরশিদ আলম।
সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবার মনোনয়ন পাননি। দলের মনোনীত প্রার্থী হলেন আবদুল মজিদ মণ্ডল। তাঁর বিরুদ্ধে লড়ছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। স্থানীয় সূত্রগুলো জানায়, আতাউরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন লতিফ বিশ্বাস।
নওগাঁ-৩ আসনে আকরাম হোসেন চৌধুরীর বিরুদ্ধে মহাদেবপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উদ্দিন ও নওগাঁ-৫ আসনে আবদুল মালেকের বিরুদ্ধে জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দাঁড়িয়েছেন।
আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও বর্তমান সাংসদ মেরাজউদ্দিন মোল্লা এবার রাজশাহী-৩ আসনে দলীয় মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলের মনোনীত প্রার্থী আয়েন উদ্দিনের বিরুদ্ধে। রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দলের সাবেক সাংসদ রায়হানুল হক (রায়হান)।
মেহেরপুর-১ আসনে দলীয় প্রার্থী ফরহাদ হোসেনের বিরুদ্ধে শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম, মেহেরপুর-২ আসনে আবদুল খালেকের বিরুদ্ধে গাংনী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংসদ মকবুল হোসেন, কুষ্টিয়া-১ আসনে আফাজউদ্দিনের বিরুদ্ধে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-৪ আসনে আবদুর রউফের বিরুদ্ধে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদরউদ্দিন খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ঝিনাইদহ-১ আসনে সাবেক মৎস্য প্রতিমন্ত্রী আবদুল হাইয়ের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নায়েব আলী জোয়ারদার। ঝিনাইদহ-২ আসনে শফিকুল ইসলামের প্রতিপক্ষ ছাত্রলীগের সাবেক সভাপতি নূর এ আলম সিদ্দিকীর ছেলে তানজীব আলম সিদ্দিকী। ঝিনাইদহ-৩ আসনের বর্তমান সাংসদ শফিকুল আজম খান মনোনয়ন পাননি। তিনি দলীয় প্রার্থী নবী নওয়াজের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
যশোর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলামের বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ও যশোর-৪ আসনে দলীয় প্রার্থী রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে সংসদের বর্তমান হুইপ শেখ আবদুল ওহাব স্বতন্ত্র প্রার্থী। যশোর-৫ আসনে খান টিপু সুলতানের প্রতিপক্ষ নিজ দলের স্বপন ভট্টাচার্য।
মাগুরা-১ আসনে এম এস আকবরের প্রতিপক্ষ শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া ও মাগুরা-২ আসনে বীরেন শিকদারের প্রতিপক্ষ মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
বাগেরহাট-৪ আসনে মো. মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নিজ দলের দুজন মনিরুল হক ও জেলা আবদুর রহিম খান। মনিরুল হক মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। আর আবদুর রহিম খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক হোসেনের বিরুদ্ধে ছাইফুল করিম, টাঙ্গাইল-৬ আসনে খন্দকার আবদুল বাতেনের বিরুদ্ধে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান, জামালপুর-২ আসনে ফরিদুল হক খানের বিরুদ্ধে আতিকুর রহমান শক্তিশালী বিদ্রোহী প্রার্থী।
নেত্রকোনা-১ আসনে মনোনয়ন পাননি বর্তমান সাংসদ মোস্তাক আহমেদ। এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ছবি বিশ্বাসকে। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোস্তাক আহমেদ এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার। নেত্রকোনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবলার আরিফ খান। এখানে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের স্থানীয় নেতা নূর খান।
সুনামগঞ্জ-২ আসনে মোয়াজ্জেম হোসেনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক। আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ দলের মনোনয়ন পাননি। তাই তিনি সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন দল মনোনীত প্রার্থী এম এ মান্নানের বিরুদ্ধে। আর হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ তানভীর আহমেদ।
কুমিল্লা-১ আসনে সুবিদ আলীর ভূঁইয়ার প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা হাসান জামিল সাত্তারের ছেলে নাইম হাসান। কুমিল্লা-৬ আসনে আ ক ম বাহাউদ্দিনের বিপরীতে দাঁড়িয়েছেন দলে তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ আফজল খানের ছেলে কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ খান। নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদৌসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম।