অর্ধেক কাজ বাকি থাকতেই ঠিকাদার পেলেন পুরো বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর থেকে কালনা সেতু পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক পাকাকরণের (কার্পেটিং) কাজ সম্পন্ন না করেই ঠিকাদার পুরো ৫০ লাখ টাকার চূড়ান্ত বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশে প্যালাসাইডিং করা হয়েছে, কিন্তু কোথাও মাটির কাজ করা হয়নি। বৃষ্টির মধ্যে কার্পেটিংয়ের কাজ চলছে। তাই নির্মাণের সঙ্গে সঙ্গে কার্পেটিং উঠে যাচ্ছে এবং মাঝেমধ্যে সড়কের দুই পাশ ভেঙে পড়ছে। এখনো সড়কের প্রায় অর্ধেক কাজ বাকি আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ মে এই সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন করার সর্বশেষ তারিখ ছিল। কিন্তু গত ১৫ জুন কাজের পুরো প্রায় ৫০ লাখ টাকা বিল তুলে নেওয়ার পর ঠিকাদার এখন কাজ করাচ্ছেন।বরিশাল এলজিইডির গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের (জিআইডিপি) আওতায় গৌরনদী পৌরসভার দিয়াশুর থেকে কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেতু পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ৪৯ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ হয়। ২০০৯ সালের ১৮ আগস্ট মেসার্স সান্টু ট্রেডার্স প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ পায়। কার্যাদেশ অনুযায়ী ওই বছরের ১৮ নভেম্বর কাজটি সম্পন্ন করার কথা। কিন্তু ঠিকাদার সময় বৃদ্ধির আবেদন করলে কর্তৃপক্ষ তাঁকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত সময় দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ক্ষিতীশ চন্ত্র গত বছরের ১৬ নভেম্বর কাজ শুরু করেন। অদ্যাবধি প্রকল্প বাস্তবায়ন হয়নি।কিন্তু ঠিকাদারকে গত মার্চ মাসে চলতি বিল হিসাবে ৩৪ লাখ টাকা দেওয়া হয়। গত ১৫ জুন ৪৯ লাখ ৪৮ হাজার ১৯ টাকা চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। স্থানীয় খোকন মল্লিক অভিযোগ করেন, সড়কে এক ফুট বালু ভরাট করে বেড করার কথা থাকলেও ঠিকাদার তিনি-চার ইঞ্চি বালু ভরাট করেছেন। শিডিউল মোতাবেক সাব-বেইজ করা হয়নি। সোয়া ফুট সাব-বেইজের স্থলে পাঁচ-ছয় ইঞ্চি করা হয়। এ ছাড়া সড়কের ওয়াটার বাউন্ড মেকাডম (ডব্লিউবিএম) করতে গিয়ে ঠিকাদার পুরাতন ইটের পচা খোয়া ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন। কালনা গ্রামের মো. আ. রাজ্জাক, আ. মালেক সরদার, মো. মিরাজ হোসেন, দিয়াশুর গ্রামের মো. হিরণ মিয়া, মো. মাসুদ সরদার, মো. সেকান্দার হোসেনসহ এলাকাবাসী একই ধরনের অভিযোগ করেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বিরোধ ও সংঘর্ষের কারণে একাধিকবার কাজ বন্ধ করা হয়। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে অবহিত করা হয়।দীর্ঘদিন কাজ বন্ধ রাখার পর ঠিকাদার গত ৫ আগস্ট বৃষ্টির মধ্যে নতুন করে সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু করেন। আবার অনিয়ম করায় এলাকাবাসী বাধা দিলে ঠিকাদার ৭ আগস্ট কাজ পুনরায় বন্ধ করে দেন। ঠিকাদার ক্ষিতীশ চন্দ্র বলেন, ‘স্থানীয় কতিপয় লোকের অনৈতিক দাবি পূরণ না করায় শুরু থেকেই তাঁরা অসহযোগিতা করে আসছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেইনি, এ কথা ঠিক নয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চূড়ান্ত বিল দেওয়া হয়েছে। তবে ঠিকাদারকে দিয়ে শিগগির বাকি কাজ করিয়ে নেওয়া হবে।’এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। অভিযোগের সত্যতা ও এলাকাবাসীর ক্ষিপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে ঠিকাদারকে দিয়ে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’