অর্ধেক চিংড়িপোনা ট্রাকেই শেষ লোকসানে ১৫ হ্যাচারি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কপথে ট্রাকে কক্সবাজার থেকে খুলনায় সরবরাহে বিলম্ব ঘটায় ও অক্সিজেনসংকটে চিংড়িপোনা মারা যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কক্সবাজার উপকূলে স্থাপিত ৫৪টি হ্যাচারির মালিক।দুই মাসে ২৮টি হ্যাচারির প্রায় ২০ কোটি টাকার চিংড়িপোনা মারা গেছে। লোকসানের কবলে পড়ে এরই মধ্যে পোনা উৎপাদন বন্ধ করে দিয়েছে ১৫টি হ্যাচারি।এর সত্যতা নিশ্চিত করে হ্যাচারির মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) মহাসচিব রইচ উদ্দিন জানান, গত বছরও কক্সবাজারের ৫৪টি হ্যাচারিতে উৎপাদিত এক হাজার কোটির বেশি চিংড়িপোনা সাতটি কার্গো বিমানে করে যশোরে সরবরাহ করা হয়েছে। কিন্তু চলতি সালের দুই মাস ধরে এই পথে চলাচল করছে মাত্র একটি কার্গো বিমান। এ কারণে হ্যাচারির মালিকদের সড়কপথে চিংড়িপোনা চট্টগ্রাম-ঢাকা-সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট সরবরাহ করতে হচ্ছে। কার্গো বিমানের যেখানে দেড় ঘণ্টা সময় লাগে, সেখানে ট্রাকে যাচ্ছে ২৪ ঘণ্টার বেশি। এতে অক্সিজেনসংকটে ৫০ শতাংশ পোনা ট্রাকেই মারা যাচ্ছে।রইচ উদ্দিন জানান, এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য হ্যাচারির মালিকেরা গত মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়ে দ্রুত কক্সবাজার-যশোর পথে কার্গো বিমান চালুর দাবি জানিয়েছেন।হ্যাচারির মালিকের অনেকে জানান, চলতি বছরের দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ট্রাকে করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন স্থানে প্রায় ১২০ কোটি পোনা সরবরাহ করা হয়। এর মধ্যে বিলম্ব ও অক্সিজেনসংকটে পড়ে ট্রাকে মারা গেছে ৬০ কোটির বেশি পোনা। এতে হ্যাচারির মালিকদের ক্ষতি হয় প্রায় ২০ কোটি টাকা। আবার বেঁচে যাওয়া ৬০ কোটি পোনাও দুর্বল হয়ে পড়ায় কেউ কিনতে আগ্রহী না হওয়ায় কম দামে এবং বাকিতে বিক্রি করতে হয়েছে। এতে লোকসানের কবলে পড়ে ১৫টি হ্যাচারি পোনা উৎপাদন বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট ৩৯টি হ্যাচারিও বন্ধের উপক্রম হয়েছে। তাই হ্যাচারিশিল্প রক্ষার স্বার্থে জরুরিভাবে কার্গো বিমান চালু করা দরকার।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত এই চিংড়ি খাতে প্রতিবছর পাঁচ হাজার ৭০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সারা দেশে যে দেড় লাখ হেক্টর জমিতে চিংড়ির চাষ হয়, তার প্রয়োজনীয় পোনার ৯০ শতাংশ (এক হাজার কোটি পোনা) কক্সবাজারে স্থাপিত ৫৪টি হ্যাচারিতেই উৎপাদিত হয়।সেবের যুগ্ম মহাসচিব নজিবুল ইসলাম বলেন, ১০ বছরের বেশি সময় ধরে পোনা পরিবহনের ক্ষেত্রে কক্সবাজার-যশোর পথে পাঁচ থেকে আটটি কার্গো বিমান চলাচল করে আসছে। কিন্তু দুই মাস ধরে চলছে মাত্র একটি বিমান। এতে পোনা পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে।বুধবার বিকেলে উখিয়ার সোনারপাড়া সৈকতে ‘বলাকা হ্যাচারি’ ঘুরে দেখা গেছে, সরবরাহ বন্ধ থাকায় উৎপাদিত প্রায় পাঁচ কোটি পোনা পড়ে রয়েছে। হ্যাচারির মালিক মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ‘পাঁচ কোটি পোনার বর্তমান বাজারদর প্রায় দেড় কোটি টাকা। ট্রাকে এই পোনা সাতক্ষীরা সরবরাহ করলে অর্ধেক পথেই মারা যাবে। তখন প্রচুর লোকসান যাবে।’একইভাবে রাইচা হ্যাচারিতেও পড়ে রয়েছে প্রায় সাত কোটি পোনা।কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, গত বছর কক্সবাজার থেকে যশোরে পোনা পরিবহন করে চারটি প্রতিষ্ঠানের আটটি কার্গো বিমান। এর মধ্যে বিসমিল্লাহ এয়ার লাইনসের একটি, বেস্ট এয়ারের একটি, ইজি এয়ারওয়েজের চারটি ও স্কাই কেপিটেলের দুটি। কিন্তু গত জানুয়ারি মাস থেকে চলাচল করছে ইজি এয়ারওয়েজের মাত্র একটি কার্গো বিমান। লাইসেন্স-সংক্রান্ত জটিলতায় অন্যান্য কার্গো বিমান এই পথে পোনা পরিবহনের অনুমতি পাচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক দুটি বিমান পরিচালনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জানান, পোনা পরিবহনে নিয়োজিত কার্গো বিমানগুলো রাশিয়া, ইউক্রেন, কম্বোডিয়া, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে ভাড়ায় আনা হয়। কিন্তু এ বছরের শুরুতে কার্গো বিমান চলাচলে বেসামরিক বিমান কর্তৃপক্ষ নানা শর্ত জুড়ে দেয়; বিশেষ করে সিভিল এভিয়েশন লাইসেন্স জটিলতা সহজীকরণ করলে পাঁচ থেকে আটটি কার্গো বিমান এই পথে চালু করা যায়।