অর্ধেক পোশাক কারখানা নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স নিজেদের সদস্যভুক্ত ৫৮৭ তৈরি পোশাক কারখানার পরিদর্শন শেষ করেছে। এর মধ্যে ৫০ শতাংশের ক্রুটি-বিচ্যুতি সংস্কারকাজ শেষ হয়েছে। ফলে অর্ধেক কারখানা এখন নিরাপদ। আর বাকিগুলোর সংস্কারের কাজ চলছে।
পরিদর্শন কার্যক্রমে কারখানাগুলোতে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ত্রুটি পাওয়া গেছে। ভবনের ত্রুটি-বিচ্যুতিও কম নয়। ঝঁকিপূর্ণ হিসেবে সম্পূর্ণভাবে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ৫। আর আংশিক বন্ধ হয়েছে ৯টি। গড়ে একেকটি কারখানায় ৪৫টি ত্রুটি ধরা পড়ে। আর এগুলো সংস্কার করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কারখানাপ্রতি খরচ হচ্ছে গড়ে আড়াই লাখ মার্কিন ডলার।
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি গত এক বছরে দেশের পোশাক কারখানার নিরাপত্তা উন্নয়ন অগ্রগতির বিবরণ প্রকাশ করে। রাজধানীর গুলশানে অ্যালায়েন্সের নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবীন। আরও বক্তব্য দেন অ্যালায়েন্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়ান স্পলডিং।
মেসবাহ রবীন বলেন, ২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের পর বিদেশি ক্রেতা ওয়ালমার্ট, গ্যাপ ও ভিএফ যেসব কারখানা থেকে পোশাক কেনে সেগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করে। অ্যালায়েন্স গঠিত হওয়ার পর সেসব কারখানা পুরোটা পরিদর্শন না করে মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় অল্প কিছু সংস্কার করতে বলা হয়। সেজন্য অ্যালায়েন্সের পরিদর্শন শেষ হওয়ার পাশাপাশি সংস্কার কার্যক্রমও অর্ধেক শেষ হয়ে গেছে।