অর্ধেক বাস গেল কোথায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া হিসাবের প্রায় অর্ধেক বাসই পুলিশের ট্রাফিক বিভাগের জরিপে অংশ নেয়নি। ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত নগরের ১৩টি রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসের ওপর এই জরিপ হয়। ২৬ ও ২৭ আগস্ট হদিস না পাওয়া বাস মালিক সংগঠনের সদস্যদের আবারও জরিপে অংশ নেওয়ার সুযোগ দেবে ট্রাফিক বিভাগ। তবে বাস মালিকদের সংগঠন বলছে, জরিপে অংশ না নেওয়া বাসের বেশির ভাগই অকেজো হয়ে আছে।

নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গণপরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরে বাস, মিনিবাস, হিউম্যানহলার, টেম্পো এবং সিএনজিচালিত অটোরিকশার ওপর এই জরিপ কাজ শুরু হয়। ১০ আগস্ট বাসের ওপর জরিপ শেষ হলে হিউম্যানহলারের জরিপ শুরু করে পুলিশের ট্রাফিক বিভাগ। গত শনি ও গতকাল রোববার দুই শতাধিক হিউম্যানহলারের ওপর জরিপ শেষ হয়েছে। ২৪ আগস্ট পর্যন্ত প্রথম দফার জরিপ শেষ হওয়ার কথা রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য এ প্রসঙ্গে গতকাল রোববার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএ থেকে আমরা ১ হাজার ৮৪টি বাসের হিসাব পেয়েছিলাম। কিন্তু ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রাথমিক জরিপে অংশ নিয়েছে ৫৫৯টি বাস। এর মধ্যে ৪৪৫টি বাস পুরোপুরি চলাচলের উপযোগী রয়েছে। বাকি ১১৪টি বাসের কাগজপত্রের সমস্যা রয়েছে। এই বাসগুলোর ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।’

দেবদাস ভট্টাচার্য আরও বলেন, নগরে গণপরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরিপ কাজ শুরু করা হয়। বিআরটিএর তালিকা অনুযায়ী যে বাসগুলো জরিপে অংশ নেয়নি সেগুলো ২৬ ও ২৭ আগস্ট আবার সুযোগ পাবে। ঈদের পর শেষ সুযোগ দেওয়া হবে। এরপর শুন্যস্থানে নতুন বাস নামানোর অনুমতি দেওয়া হবে।

নগরে ১৩টি রুটে অর্ধেক বাস গেল কোথায় এই প্রশ্নের জবাবে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, অনেক গাড়ির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। ওগুলো এখন রাস্তায় নেই। আবার শতাধিক বাসের বয়সসীমা ২৫ বছর পার হয়ে গেছে। পুলিশের ভয়ে এই বাসগুলো জরিপে অংশ নেয়নি। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে আরও শ খানেক বাস মেরামতের জন্য গ্যারেজে আছে। মেরামত কাজ শেষ হলে ২৬ ও ২৭ আগস্টের দ্বিতীয় দফা জরিপে এই বাসগুলো অংশ নেবে।

নগরের ট্রাফিক পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি বাস সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত রাস্তায় চলাচল করতে পারবে। আয়ুষ্কাল ২৫ বছর পার হলে সেই বাস জব্দ করা হবে। নগরে ২৫ বছরের বেশি বয়সী এমন বাস নগরের বিভিন্ন রুটে চলাচল করছে। জরিপ কাজ পুরোপুরি শেষ হলে সেগুলো জব্দ করতে অভিযান শুরু হবে।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরে ১ হাজার ৪০০ বাসের বিপরীতে ১ হাজার ৮৪টি সচল থাকার কথা জানিয়েছিল বিআরটিএ। বাকি ৩১৬ বাসের হদিস বিআরটিএ দিতে পারেনি। সরেজমিনে জরিপে সচল বাসের অর্ধেকের হদিস পায়নি পুলিশ। একইভাবে ১ হাজার ৩১৪টি হিউম্যানহলারের বিপরীতে ১ হাজার ১৬৫টি এবং ২ হাজার ২৭৪টি টেম্পোর বিপরীতে ১ হাজার ৪৭৫টি সচল রয়েছে। এই তিন শ্রেণির গণপরিবহন নগরের ৪৬টি রুটে যাত্রী পরিবহন করে।

ট্রাফিক পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গণপরিবহনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। কিন্তু রুট পরিবর্তনের জন্য পুলিশের কাছে আবেদন করতে হয়। সেটা অনেকেই মেনে চলছে না।