অর্ধেক বেতনের প্রস্তাব কর্তৃপক্ষের শ্রমিকদের দাবি ৮০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত দেশি শ্রমিকদের বিনাশ্রমে অর্ধেক বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। তবে বিক্ষোভরত শ্রমিকেরা দাবি করেছেন বেতনের ৮০ শতাংশ। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে শ্রমিকেরা জানিয়েছেন।জানা গেছে, গতকাল শনিবার দুপুরে খনির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আন্দোলনরত দেশি শ্রমিকদের ১০ জন প্রতিনিধিকে নিয়ে খনি কর্তৃপক্ষ এবং খনির কয়লা উৎপাদন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসির কর্মকর্তারা বৈঠকে বসেন। এতে উপস্থিত ছিলেন খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল জলিল। শ্রমিকদের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। প্রায় সাড়ে চার ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়।ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান জানান, কারিগরি সমস্যার কারণে খনির উৎপাদন বন্ধ আছে। কয়লা উত্তোলন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত দেশি শ্রমিকদের বিনাশ্রমে অর্ধেক বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা বেতনের ৮০ শতাংশ দাবি করেছেন।শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘কর্তৃপক্ষ অর্ধেক বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা ৮০ ভাগ দাবি করেছি। কর্তৃপক্ষ এতে রাজি হয়নি।’রবিউল ইসলাম আরও বলেন, উৎপাদন শুরু হতে এখনো দেড়-দুই মাস সময় লাগবে। তারা ওই সময় পর্যন্ত শ্রমিকদের খনির ভেতরে যেতে দেবে না। তিনি অভিযোগ করেন, ‘খনি কর্তৃপক্ষ ও ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে কয়লা উত্তোলন বন্ধ রেখেছে।’ শিগগির উৎপাদন শুরু ও শ্রমিকদের খনিতে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।গত বৃহস্পতিবার সকালে খনি কর্তৃপক্ষ নোটিশ দিয়ে সিএমসি-এক্সএমসির অধীনে কর্মরত দেশি শ্রমিকদের খনিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং কয়লা উত্তোলন শুরুর দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।গত ১১ মে খনির ১১০৮ নম্বর ফেসে (খনিমুখ) ভূমিধসে একজন শ্রমিকের মৃত্যু ও ২০ জন আহত হন। ওই দুর্ঘটনার পর থেকে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ আছে।