অর্ধেক রেস্তোরাঁয় বাসন ধোয়া হয় ময়লা পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাত্র ৩৪ শতাংশ রেস্তোরাঁর কর্মচারীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। অর্ধেকের বেশি রেস্তোরাঁয় একই পানিতে ডুবিয়ে বারবার থালা-বাসন ধোয়া হয়৷
স্বাস্থ্য আচরণ বিধিমালা নিয়ে জাতীয় পর্যায়ে ভিত্তি জরিপে (ন্যাশনাল হাইজিন বেসলাইন সার্ভে) এই চিত্র উঠে এসেছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এই সমীক্ষার প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে স্বাস্থ্য আচরণবিধির ওপর সমন্বিত এ জরিপটি পরিচালনা করে স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিট। আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের সহযোগিতায় জরিপটি চালায় আইসিডিডিআরবি। জরিপ চালানো হয় গত বছর।
রেস্তোরাঁ ও রাস্তার পাশে খাবারের দোকান ছাড়াও জরিপে গৃহস্থািল, স্কুল, হাসপাতাল, ধাই এবং মেয়েদের মাসিককালীন স্বাস্থ্য আচরণবিধির চিত্রও তুলে ধরা হয়।
জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ রেস্তোরাঁয় টয়লেট নেই। ৩৫ শতাংশ রেস্তোরাঁয় কর্মচারীদের মলত্যাগ করার পর হাত ধোয়ার ব্যবস্থা আছে। আরও দেখা গেছে, দেশের মাত্র ৩ শতাংশ মানুষের মধ্যে এখন খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস আছে। এই অর্জন বিস্ময়কর বলে বিবেচিত। সুপেয় পানি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিও যথেষ্ট।
ওয়াটার এইডের বাংলাদেশের প্রধান খায়রুল ইসলাম জরিপের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনায় বলেন, স্যানিটেশন ও পানির ক্ষেত্রে এসব অর্জন থাকলেও স্বাস্থ্য আচরণবিধি মেনে চলে খুব কম মানুষ। জরিপে সেই চিত্রই উঠে এসেছে। স্বাস্থ্য আচরণবিধি নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচারণা নেই বললেই চলে।
অনুষ্ঠানে জরিপের চিত্র তুলে ধরেন আইসিসিডিআরবির ওয়াশ রিসার্চ গ্রুপের প্রধান লিয়েন ইউনিকম্ব।
জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৮০ শতাংশ মেয়ে মাসিক ব্যবস্থাপনার জন্য পুরোনো কাপড়ই বারবার ব্যবহার করে। এমনকি সেগুলো স্বাস্থ্যসম্মতভাবে ধুয়ে শুকানোর সুযোগও পায় না। মাসিক চলাকালে ৪০ শতাংশ ছাত্রী স্কুলে আসে না।
স্কুলে না আসার কারণ এমন নয় যে তাদের স্কুলে টয়লেট নেই। ৮৪ শতাংশ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতেই স্বাস্থ্যসম্মত টয়লেট আছে বটে। তবে এর মধ্যে ৫৫ শতাংশই বন্ধ করে রাখা হয়।
জাতীয়ভাবে প্রতি ৫০ জন শিক্ষার্থীর বিপরীতে একটি করে টয়লেট থাকার কথা থাকলেও এই জরিপে প্রতি ১৮৭ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র একটি টয়লেট মিলেছে৷
জরিপে দেখা যায়, হাসপাতালগুলোতে যথাযথভাবে হাত ধোয়ার ক্ষেত্রে ভালো ব্যবস্থা আছে। প্রায় ৯০ শতাংশ হাসপাতালে স্বাস্থ্য সেবাদানকারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও জরিপ চলাকালে পঁাচ ঘণ্টা ধরে হাসপাতাল পর্যবেক্ষণ করার পর ২ থেকে ২৯ শতাংশ ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে দেখা গেছে। প্রায় এক-চতুর্থাংশ ক্ষেত্রে ডাক্তার ও নার্সদের জন্য কোনো স্বতন্ত্র টয়লেটের ব্যবস্থা নেই।
দেশের বেশির ভাগ শিশু ভূমিষ্ঠ হয় ঘরে। সে ক্ষেত্রে ধাইয়েরা দায়িত্ব পালন করেন। জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ ধাই নারী জননক্ষেত্রে খোলা হাত দেন, কোনো দস্তানা ব্যবহার করেন না।
আড়াই হাজার পরিবার, ৯০০ হাসপাতাল, ৭০০ স্কুল, ৬০০ রেস্তোরাঁ ও রাস্তার পাশের খাবারের দোকান ও ২০০ ধাত্রীর ওপর এই জরিপ চালানো হয়৷ ছয় মাস ধরে জরিপ পরিচালনা করা হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব কে এম মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্য আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে প্রচার চালাতে হবে। এই কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বেশি বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া প্রমুখ।