অর্ধেক শয্যাই ফাঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর শত বছর পেরিয়ে গেছে। কিন্তু এত দিনেও হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কিংবা করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) হয়নি। বহির্বিভাগে হূদেরাগের সেবা চালু হলেও এখনো চালু হয়নি হূদেরাগ বিভাগ। অভাব আছে বিশেষজ্ঞ চিকিৎসকেরও।
এ চিত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম মেডিকেলে যেখানে রোগীদের উপচে পড়া ভিড়, সেখানে অনেক সময় এ হাসপাতালের ২৫০ শয্যার অর্ধেকই থাকে ফাঁকা। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালটিতে রোগীর সংখ্যা ছিল ১৩৪ জন।
হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ৮০ শয্যার হাসপাতাল হিসেবে চালু থাকার পর ২০০৩ সালে একে ১৫০ শয্যায় উন্নীত করা হয়। নয় বছরে এর জনবল না বাড়িয়ে গত বছরের ২৯ জানুয়ারি এটিকে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। হাসপাতালটি এখনো ৮০ শয্যার জনবল দিয়ে চলছে।
জানা গেছে, ১০০ শয্যা বাড়ানোর পৌনে দুই বছর পরও বরাদ্দ বাড়েনি। এখনো ১৫০ রোগীর খাদ্য ও চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়।
হাসপাতালটিতে মাত্র তিনজন সিনিয়র কনসালট্যান্ট রয়েছেন। গত মাসে আরও পাঁচটি কনসালট্যান্টের পদ সৃষ্টি হয়েছে। যদিও এসব পদে এখনো নিয়োগ হয়নি। জুনিয়র কনসালট্যান্ট রয়েছেন পাঁচজন। এ ছাড়া চিকিৎসা কর্মকর্তা আছেন ২০ জন। নার্সের সংখ্যা ৭২ জন।
হাসপাতালটিতে নেই স্থায়ী তত্ত্বাবধায়ক। জেলা সিভিল সার্জন সব সময় অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ হাসপাতালের তত্ত্বাবধায়কের কাজ করতেন। তবে গত ২৫ সেপ্টেম্বর এ পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
হাসপাতালের একজন চিকিৎসক জানান, রোগী কম হলেও সে অনুপাতে চিকিৎসকের সংখ্যা আরও কম। ফলে হাতে গোনা কয়েকজন চিকিৎসক ও নার্সকে রোগী সামলাতে হিমশিম খেতে হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকায় জটিল রোগীরা এ হাসপাতালে আসেন না। রোগী কম হওয়ার আরেকটি কারণ হূদেরাগ বিভাগ চালু না হওয়া। এসব বিভাগ চালু এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবল বাড়ালে রোগীদের আস্থা আসবে।
জেলা সিভিল সার্জন ও হাসপাতালটির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের কোনো জেলা হাসপাতালেই এখনো পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু হয়নি। তবে হাসপাতালে হূদেরাগ বিভাগ চালুর কাজ চলছে। ইতিমধ্যে একজন কনসালট্যান্টের পদ তৈরি করা হয়েছে এ বিভাগের জন্য। চার শয্যার সিসিইউ চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।