জামালপুরের সরিষাবাড়ীতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তিনটি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। এতে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের উপস্থিতি তদারকসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অধীনে সহকারী শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ রয়েছে। ছয়টি ক্লাস্টারে (অঞ্চল) বিভক্ত প্রাথমিক বিদ্যালয়গুলো তদারকির দায়িত্ব পালন করার কথা ছয় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধানত বিদ্যালয়গুলোতে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার্থীদের বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষকেরা নিয়মিত উপস্থিতি এবং যথাযথভাবে পাঠদান করছেন কি না, তা তদারক করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ ও ১৪ সেপ্টেম্বর মাহমুদা খাতুন ও অক্টোবরে অনন্ত চন্দ্র পাল বদলি হয়ে চলে যাওয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ছয়টি পদের মধ্যে তিনটিই শূন্য রয়েছে। এতে একজনের পক্ষে প্রতিদিন ১০টি বিদ্যালয় তদারক করা সম্ভব হয় না।
সরিষাবাড়ী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মন্টুলাল তেওয়ারী বলেন, বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তাদের তদারকি থাকলে শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান দেওয়া হয়।
সরিষাবাড়ী শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা তরফদার বলেন, শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন না করায় শিক্ষার মান পড়ে যাচ্ছে। তাঁরা না থাকায় শিক্ষকদেরও নানা ধরনের সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের অনেক সমস্যার সমাধান হচ্ছে না।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ছয়জনের কাজ তিনজনে করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সব বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। দিনে ১০টি বিদ্যালয় পরিদর্শন করা যায়। ফলে শিক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়ছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, বিদ্যালয় তদারকির মধ্যে গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান দেওয়া হয় কি না। বিদ্যালয় পরিদর্শন করা না হলে শিক্ষকেরা নিয়মিত পাঠদান করতে চান না।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, তিনজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিদর্শনসহ অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে।