অর্ধেক শিক্ষার্থীই পাস করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পাসের হারে এবারও পিছিয়ে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের কলেজগুলো। এই অঞ্চলের অর্ধেক শিক্ষার্থীই পরীক্ষায় পাস করেনি। এর নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মোট পাসের হারে।
বোর্ডের এ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মোট পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৬ দশমিক ৩৫, কক্সবাজারে ৬৪ দশমিক ৮০, রাঙামাটিতে ৪৩ দশমিক ৯১, খাগড়াছড়িতে ৫০ দশমিক ১৬ ও বান্দরবানে ৫৭ দশমিক ৯৯ শতাংশ।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষক অধ্যাপক রাহমান নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, পার্বত্য জেলায় ফল খারাপ হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর প্রধান কারণ ভাষাগত সমস্যা। এই অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর কাছে বাংলা দ্বিতীয় ভাষা। ফলে অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্নপত্র ভালোভাবে বুঝতে পারে না। উত্তরও দিতে সমস্যা হয়। এতে মূলধারার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ভালো ফল করা তাদের পক্ষে সম্ভব হয় না। রয়েছে আরও সমস্যা—ভৌগোলিকভাবে দুর্গম অঞ্চল হওয়ায় শিক্ষার্থীদের পক্ষে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা জুমচাষনির্ভর। জুমচাষের সময় শিক্ষার্থীরা মা-বাবাদের সহযোগিতা করে। ফলে বছরের গুরুত্বপূর্ণ সময়ে তারা শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে।
দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৪ সালে বোর্ডের পাসের হার ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ। ওই বছর বান্দরবান জেলায় পাসের হার ৬৫ দশমিক ২০ শতাংশ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাসের হার ছিল যথাক্রমে ৬৩ দশমিক ২৮ ও ৫৯ দশমিক ৫২ শতাংশ।
২০১৩ সালে বোর্ডের পাসের হার ছিল ৬১ দশমিক ২৮ শতাংশ। ওই বছর রাঙামাটিতে পাসের হার ছিল ৪৯ দশমিক ০৪, খাগড়াছড়িতে ৪৬ দশমিক ৮৬ ও বান্দরবানে ৫৫ দশমিক ৪১ শতাংশ। আর চট্টগ্রাম মহানগরে পাসের হার ছিল ৭৪ দশমিক ০৮ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পার্বত্য জেলাগুলোতে মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংকট রয়েছে। অবকাঠামোগত পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। আবার দারিদ্র্যের কারণে এই অঞ্চলের অভিভাবক ও শিক্ষার্থীরাও শিক্ষার ব্যাপারে তেমন সচেতন নন। সব মিলিয়ে বোর্ডের অন্যান্য জেলার তুলনায় তিন পার্বত্য জেলা পাসের হারে পিছিয়ে থাকছে।
সন্তোষ চাকমা নামের রাঙামাটির এক অভিভাবক বলেন, পার্বত্য জেলায় শিক্ষকেরা থাকতে চান না। বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করতে হলে সরকারের সুদৃষ্টির বিকল্প নেই।
এদিকে ২০১৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় তিন পার্বত্য জেলা থেকে অংশ নিয়েছিল ১১ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পাস করেন ৫ হাজার ৮২৪, ফেল করে ৬ হাজার ১৪০ জন। এবার তিন জেলা থেকে মাত্র ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১১ জন করে ২২ শিক্ষার্থী এবং বান্দরবানের ২৬ শিক্ষার্থী।
বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু তাহের বলেন, সামাজিক বাস্তবতার কারণে সমতল এলাকার অভিভাবকেরা সচেতন, কিন্তু পার্বত্য অঞ্চলের অভিভাবকেরা সে মাত্রায় সচেতন নন। আর ভাষাগত কারণে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে পারে না।
এদিকে পার্বত্য অঞ্চলের এই সমস্যা থেকে উত্তরণের জন্য বোর্ডের পক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া। তিনি বলেন, অনগ্রসর এলাকা হওয়ায় এখানকার শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লেখাপড়া করতে হয়। এ জন্য শিক্ষকদের শ্রেণিকক্ষে আরও আন্তরিক হওয়া, সহজভাবে পাঠদান করানো এবং ক্লাসের সংখ্যা বাড়ানোর জন্য বোর্ডের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হয়। পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে সতর্কও করা হয়।