কোনো প্রজাতির প্রাণীর স্ত্রী ও পুরুষ সাধারণত দেখলেই চেনা যায়। কারণ, তাদের রং বা শারীরিক গঠন ও আকৃতির দৃশ্যমান পার্থক্য থাকে। বিষয়টিকে যৌন বৈশিষ্ট্যের দ্বিরূপতা বলা যায়। কিন্তু প্রাণিজগতে ব্যতিক্রমও আছে। উভলিঙ্গ প্রাণীর সংখ্যা কম নয়। এদের দেখতে স্ত্রী বা পুরুষ মনে হলেও একসঙ্গে দুটো প্রজননতন্ত্র ধারণ করে। মানে অর্ধেক পুরুষ, আর বাকি অর্ধেক স্ত্রী বৈশিষ্ট্য নিয়ে জীবন কাটায়।
পাখি, খোলসযুক্ত প্রাণী এবং প্রজাপতির মধ্যেও উভলিঙ্গ রয়েছে। প্রাণীর ক্রমবিকাশ-বিশারদ জোশ জ্যাহনার বলেন, অধিকাংশ বিজ্ঞানীর মতে প্রজাপতির সেক্স ক্রোমোজোম-জোড়ার বৈশিষ্ট্য মানুষের ঠিক বিপরীত—পুরুষের দুটো একই, আর স্ত্রীর ভিন্ন। স্ত্রী প্রজাপতির ডিমে মাঝে মাঝে দুটো নিউক্লিয়াস এবং অন্য রকম বৈশিষ্ট্যের জোড়া ক্রোমোজোম
থাকে। ফলে সেগুলো দুবার নিষিক্ত হয়ে উভলিঙ্গ প্রাণীর জন্ম দেয়।
এ রকমপ্রজাপতি কতটা বিরল? জ্যাহনার বলেন, ১৯৮০ সালের এক গবেষণায় প্রায় ৩০ হাজার প্রজাপতির মধ্যে কেবল পাঁচটি উভলিঙ্গ মিলেছিল। নেভাদা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাতেই ‘সাংঘাতিক খুশি’ হয়েছিলেন। ২০১১ সাল থেকে এ পর্যন্ত তাঁরা আরও চারটি উভলিঙ্গ প্রজাপতি খুঁজে পেয়েছেন।
জ্যাহনারের পরীক্ষাগারে ওই উভলিঙ্গ প্রজাপতিগুলো ডিম পাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সম্ভবত তাদের প্রজননব্যবস্থায় অনিয়মের কারণেই এমন ঘটেছে। তাই এসব প্রজাপতির পাখা চমৎকার বর্ণময় হলেও সেই সৌন্দর্য তারা পরের প্রজন্মে প্রবাহিত করতে পারে না।