প্রথম শ্রেণির পৌরসভা নওগাঁ। তবে এই শহরের অধিকাংশ এলাকায় পর্যাপ্ত সড়কবাতি নেই। আর যেগুলো আছে, সেগুলোর বেশির ভাগ নষ্ট হয়ে গেছে। তাই সন্ধ্যা নামলে চলাচলে সমস্যায় পড়ছে নগরবাসী। ঘটছে চুরি-ছিনতাইও। এরপরও গা নেই পৌর কর্তৃপক্ষের।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পার-নওগাঁ হাজিপাড়ার স্বপন কুমার রায়, জিল্লুর রহমান, মিলন কুমার দাশসহ ছয়-সাতজন বলেন, প্রায় ছয়-সাত মাস হলো মহল্লার গলি রাস্তাগুলোয় সড়কবাতি নেই। সন্ধ্যার পর আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে। অথচ প্রথম শ্রেণির পৌরসভার হিসাব করে কর ঠিকই দিতে হচ্ছে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা শর্টসার্কিট বা ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটলে অনেক বাতি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় বাতিগুলো ইট ছুড়ে নষ্ট করে দেওয়া হয়, চুরি করে নিয়ে যায়। পৌরসভায় ৪ হাজার ২০০ লাইটপোস্ট আছে। এর মধ্যে ২ হাজারের মতো লাইটপোস্টে বাতি নেই।
পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তায় কাগজে-কলমে ৪ হাজার ২০০টি সড়কবাতি থাকলেও প্রধান সড়ক ও পাড়া-মহল্লার অনেক রাস্তায় রাতের বেলা সড়কবাতি জ্বলে না। ঠিক কতগুলো সড়কবাতি বর্তমানে বিকল হয়ে আছে, পৌর কর্তৃপক্ষ তা জানে না। প্রধান সব সড়কে আশপাশের দোকানের বাতি আর নিয়ন সাইনবোর্ডের আলোয় যতটুকু আলোকিত হয়, তা দিয়েই পথচারী ও যানবাহন চলাচল করে। দোকান বন্ধ হলে অন্ধকার নেমে আসে। সবচেয়ে খারাপ অবস্থা পাড়া-মহল্লার ছোট রাস্তাগুলোর। প্রধান রাস্তাগুলোয় কিছু সড়কবাতি এখনো সচল থাকলেও ছোট রাস্তাগুলোয় প্রায় সব সড়কবাতি অকেজো হয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই এসব রাস্তায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। রাতের বেলায় এসব ছোট রাস্তায় আতঙ্ক নিয়ে পথচারীরা চলাচল করে। অন্ধকারের সুযোগে এসব রাস্তায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। অনেক রিকশাচালক রাতের বেলায় এসব পথে যাত্রী পরিবহন করতে চান না।
পৌরবাসীর অভিযোগ, একটি বাতি নষ্ট হলে নতুন করে লাগাতে অনেক সময় লেগে যায়। এলাকার কাউন্সিলরদের বারবার জানালেও কাজ হয় না। পৌর কর্তৃপক্ষের যথাযথ দেখভালের অভাবে সড়কবাতিগুলো দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে।
৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম নজমুল হক বলেন, ‘আমার ওয়ার্ডে গত ডিসেম্বরে প্রায় ১০০টি সড়কবাতি লাগিয়েছি। আরও ১০০টি বাতি লাগবে। এগুলোর জন্য মেয়রের কাছে আবেদন করেছি।’
গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, প্রধান সড়কগুলোর (বালুডাঙ্গা-ব্রিজের মোড়, তাজের মোড়-ঢাকা, ব্রিজের মোড়-ডিগ্রির মোড়, কেডির মোড়-মুক্তির মোড়, হাসপাতাল, কাচারি ও কালীতলা রোড) বেশির ভাগ সড়কবাতিই জ্বলছে না। ছোট বা গলি রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ। বিজিবি রোডের নামাজগড় মাদ্রাসা থেকে তাজের মোড় পর্যন্ত ১৫টি সড়কবাতির মধ্যে জ্বলছে চারটি। সরিষাহাটির মোড় থেকে জনকল্যাণ মোড় পর্যন্ত সাতটি সড়কবাতির মধ্যে শুধু একটি সড়কবাতি জ্বলছে। গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া পর্যন্ত ১৭টি সড়কবাতির মধ্যে আটটি সড়কবাতি জ্বলছে। পাড়া-মহল্লার গলিপথগুলোর ৮০-৯০ শতাংশ সড়কবাতিই জ্বলে না।
চকদেব ডাক্তারপাড়ার আনোয়ারা খাতুন বলেন, ‘সরিষাহাটির মোড় থেকে ডাক্তারপাড়া সরকারি গোরস্থান মোড় পর্যন্ত এলাকায় কোনো বাতি জ্বলতে দেখি না।’
মেয়র নজমুল হকও সমস্যার কথা মানছেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, ‘আর্থিক সংকটের কারণে দুই মাস ধরে সড়কবাতির সংযোগগুলো মেরামত কিংবা নষ্ট হয়ে যাওয়া বাতি নতুন করে না লাগানোয় এই সমস্যা আরও প্রকট হয়েছে। আগামী মার্চ-এপ্রিলের মধ্যে সড়কবাতিগুলো ঠিক করা হবে।’