অর্ধেকই পারিবারিক সহিংসতার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। ধর্মীয় মৌলবাদ নারীর ক্ষমতায়নে নতুন চ্যালেঞ্জ।
গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্সের (বিআইজিডি) উদ্যোগে পাকিস্তানের লাহোরভিত্তিক মাহবুবুল হক গবেষণাকেন্দ্রের দক্ষিণ এশিয়ার মানব উন্নয়ন প্রতিবেদন, ২০১৬ প্রকাশ করা হয় অনুষ্ঠানে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় নারী উন্নয়নে অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবারের প্রতিবেদনের বিষয় ছিল নারীর ক্ষমতায়ন।
প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বিআইজিডির ভিজিটিং ফেলো মাহিন সুলতান। তিনি বলেন, বাংলাদেশে বিবাহিত নারীদের অর্ধেকই পারিবারিক সহিংসতার শিকার হন। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ (১৮ বছরের নিচে) হয় দক্ষিণ এশিয়ায়। প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরির ক্ষেত্রে নারীর অগ্রগতি উল্লেখযোগ্য। কিন্তু এই অগ্রগতি ধীরগতির। বিশেষ করে মফস্বল, শহরের বস্তির নারীরা এখনো পিছিয়ে আছেন। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুলনা করে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংসদে নারীর প্রতিনিধিত্ব বেড়েছে। ২০০০ সালে ছিল ১০ দশমিক ৪ শতাংশ, সেটা বেড়ে ২০১৪ সালে হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যায়, ২০১৪ সালে জেন্ডার উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, নারীর অগ্রযাত্রা বেগবান করতে হলে রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সেন্টার ফের পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশে নারী শিক্ষার হার বাড়লেও তা কাজে লাগিয়ে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ সে হারে বাড়েনি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মাহবুবুল হক গবেষণাকেন্দ্রের সাবেক উপদেষ্টা এম সাইদুজ্জামান, সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চের নির্বাহী চেয়ারপারসন রুশিদান ইসলাম রহমান, বিআইজিডির জেন্ডার ক্লাস্টার ও সেন্টার ফর জেন্ডার সোশ্যাল ট্রান্সফরমেশনের প্রধান সিমিন মাহমুদ প্রমুখ।