অর্ধেকের কম দামে ৬৫০টি গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন ও সমাজকল্যাণ ফেডারেশনের রোপণ করা ৬৫০টি গাছ নামমাত্র দরপত্রের মাধ্যমে অর্ধেকেরও কম দামে এক ব্যবসায়ী কিনে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েক লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছেন গাছের লভ্যাংশের ভাগিদার দরিদ্র লোকজন।
ফেডারেশন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ বছর আগে মাগুড়া ইউনিয়নের সড়কের দুই ধারে যৌথভাবে গাছ রোপণ করে ইউনিয়ন পরিষদ ও সমাজকল্যাণ ফেডারেশন। পরিপক্ব হওয়ায় বিভিন্ন প্রজাতির ৬৫০টি গাছ বিক্রির অনুমতির জন্য আবেদন করে ফেডারেশন। এর পরিপ্রেক্ষিতে পঞ্চগড় বন বিভাগ ১০ প্রজাতির ফলদ ও বনজ গাছের কাঠ এবং খড়ির পরিমাপ করে ছয় লাখ আট হাজার ৮৪৮ টাকা সরকারি মূল্য নির্ধারণ করে। ইউএনও ও উপজেলা গাছ বিক্রয় কমিটির আহ্বায়ক গত ৩০ এপ্রিল এসব গাছ বিক্রির দরপত্র আহ্বান করেন। গাছগুলো কেনার জন্য ২০ জন কাঠ ব্যবসায়ী দরপত্র কেনেন। দরপত্র দাখিলের শেষ দিন ছিল ১৬ এপ্রিল। কিন্তু সমঝোতা করে মাত্র তিনজন ব্যবসায়ী দরপত্র জমা দেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন বগুড়া শহরের ঠনঠনিয়ার শাব্বীর আহমদ ওসমানী। তিনি তাঁর দরপত্রে এসব গাছের জন্য মূল্য দেন ছয় লাখ ১২ হাজার টাকা। পুরাতন পঞ্চগড়ের কাঠ ব্যবসায়ী আবদুল মান্নান দেন ছয় লাখ আট হাজার এবং বোদা উপজেলার ইসলামবাগের ব্যবসায়ী আলিমুল ইসলাম দর দেন ছয় লাখ এক হাজার টাকা। গাছ বিক্রয় কমিটির সভায় সর্বোচ্চ দরদাতা শাব্বীর আহমদকে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দরপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন কাঠ ব্যবসায়ী বলেন, ওই ৬৫০টি গাছের মধ্যে শুধু মেহগনিগাছের সংখ্যা ২৯৭টি। এসব মেহগনিগাছে প্রায় এক হাজার ২৭৫ ঘনফুট কাঠ রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭৫ হাজার টাকা। আর দরপত্রের মাধ্যমে বিক্রি হওয়া এসব গাছের মূল্যের ৩০ ভাগ টাকা পাবে মাগুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি)এবং বাকি ৭০ ভাগ পাবে ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। গাছ দেখাশোনার দায়িত্বে থাকা ফেডারেশনের উপকারভোগী গরিব সদস্যরাও এই টাকার ভাগ পাবেন।
ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সমঝোতা না হলে গাছের দাম বেশি হতো। এতে আমরাও বেশি টাকা পেতাম।’ শাব্বীর আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ কেটে দেন। পঞ্চগড় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মানুযায়ী গাছের মাপ নিয়ে সম্ভাব্য সরকারি দর দিয়েছি। তবে বাজারদর অনুযায়ী দাম কমবেশি হতে পারে।’
ইউএনও ও গাছ বিক্রয় কমিটির আহ্বায়ক মাকসুদা বেগম সিদ্দিকা বলেন, ‘আমি সমঝোতার খবর জানি না। কিন্তু কার্যাদেশ দেওয়ার আগে এটা জানলে দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বান করা যেত।’