তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হওয়ার পাঁচ বছর আজ
অর্ধেকের বেশি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর নিহত হওয়ার পাঁচ বছর পূর্ণ হলো আজ ১৩ আগস্ট। সড়ক দুর্ঘটনায় তাঁদের নিহত হওয়ার ওই ঘটনায় করা মামলায় এখনো সাক্ষীদের অর্ধেকেরই সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।
এ অবস্থায় বিচার প্রক্রিয়া ঢিমেতালে চলার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জের প্রবীণ আইনজীবী আজাহারুল ইসলাম বলেন, বিচারকাজে বিলম্ব সুষ্ঠু বিচারের অন্তরায়। তারেক-মিশুক নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাক্ষীদের তালিকা দীর্ঘ হওয়ায় ও আদালতে তাঁদের গরহাজিরার কারণে বিচারকাজ গতি পাচ্ছে না।
মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জেলা দায়রা ও জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মামলার কার্যক্রম প্রায় চার বছর ধরে চললেও ৩৯ জন সাক্ষীর মাত্র ১৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সমন জারি হলেও সাক্ষীরা যথাসময়ে আদালতে হাজির হচ্ছেন না। ১৪ আগস্ট (কাল রোববার) মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন সাক্ষ্য শুনানিতে অংশ নিতে পাঁচজনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ের শালজানা গ্রাম থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন তারেক ও মিশুকসহ কয়েকজন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক ও মিশুকসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুর্ঘটনার পরের দিন জামিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছর ১৭ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।
এপিপি আফছারুল ইসলাম বলেন, জামিরের গাড়ি চালানোর অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ ছিল। তিনি ভুয়া কাগজপত্র দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ ছাড়া গত ১৭ মে আদালতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দাখিল করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাসটির গতিনিয়ন্ত্রক যন্ত্রে কারসাজি করা হয়েছিল।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তাতে বাসচালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাধারণ জখম, গুরুতর জখম, অবহেলার কারণে মৃত্যু ঘটানো এবং মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উল্লেখ করা হয়। ওই বছরের ১০ অক্টোবর আদালতে মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। ২০১৩ সালের ১৩ জানুয়ারি মামলাটি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি: তারেক-মিশুক স্মরণে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় তারেক মাসুদের চলচ্চিত্র রানওয়ে প্রদর্শন করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং ৬টা ৪৫ মিনিটে আলোচনা সভা।
মানিকগঞ্জে কর্মসূচি গ্রহণ করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ১০টায় দুর্ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মামলায় সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
ফরিদপুর অফিস জানায়, তারেকের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর, স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তন ও ফরিদপুর শহরে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতিকেন্দ্র ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা উঠোন।