অর্পিত সম্পত্তি অবমুক্তির মামলা নিষ্পত্তির সংখ্যা নগণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মামলা নিষ্পত্তির সংখ্যা একেবারেই নগণ্য। গত ডিসেম্বর মাস পর্যন্ত সারা দেশে এ-সংক্রান্ত প্রায় দেড় লাখ মামলা হয়েছে। নিষ্পত্তি হয়েছে মাত্র পৌনে ১১০০। নিষ্পত্তি হওয়া মামলার রায় বেশির ভাগই ক্ষেত্রেই আবেদনকারীর পক্ষে গেছে।দেশের তিনটি পার্বত্য জেলা ছাড়া অন্য ৬১টি জেলায় জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের নেতৃত্বে গঠিত টাইব্যুনাল এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে করা জেলা কমিটির মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি হচ্ছে।মামলা নিষ্পত্তির সংখ্যা কম হওয়ার বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অর্পিত সম্পত্তির সমস্যা দীর্ঘ ৫০ বছরের। এ জন্য এ নিয়ে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। কাগজপত্র ভালো করে দেখেশুনে কাজ করতে হয়। এ জন্য একটু সময় লাগবেই। তবে জেলা কমিটিকে তাগাদা দেওয়া হচ্ছে। আর ট্রাইব্যুনাল নিজস্ব ধারায় চলছে। আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, জেলা ও অতিরিক্ত জেলা জজের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল যথাসাধ্য দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছেন। তবে মামলার সংখ্যা অনেক হওয়ায় সময় লাগবেই। তা ছাড়া বিচারকদের অন্যান্য মামলা নিষ্পত্তির কাজও একই সঙ্গে করতে হয়।বিদ্যমান আইন অনুযায়ী ‘খ’ তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে দাবির সমর্থনে কাগজপত্র, প্রমাণাদিসহ জেলা কমিটির সভাপতির বরাবর অথবা ট্রাইব্যুনালে অবমুক্তির আবেদন করতে হয়। তবে যে সম্পত্তি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে সেই একই সম্পত্তির বিষয়ে জেলা কমিটিতে আবেদন করা যাবে না। আর ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে কারও দাবি থাকলে ট্রাইব্যুনালের কাছেই আবেদন করতে হয়।ইজারা দেওয়া সম্পত্তিকে ‘ক’ তফসিল ও ইজারা না দেওয়া সম্পত্তিকে ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি বলা হয়। ভূমি মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি আছে প্রায় পৌনে পাঁচ লাখ একর। আর ‘ক’ তফসিলভুক্ত আছে প্রায় দুই লাখ একর।বর্তমান সরকার প্রত্যর্পণযোগ্য ব্যক্তিদের কাছে এসব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গত ১১ ডিসেম্বর সংসদে আইন পাস করে। ওই আইন অনুযায়ী অবমুক্তির মামলা ও তা নিষ্পত্তির কার্যক্রম চলছে।ভূমি মন্ত্রণালয় ও বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মোট এক লাখ ৪৫ হাজার ৭২৩টি মামলা হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনালে করা হয়েছে ৮৬ হাজার ৫৩২টি ও জেলা কমিটিতে করা হয়েছে ৫৯ হাজার ১৯১টি। এসব মামলার মধ্যে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে ২৪৮টি ও জেলা কমিটিতে নিষ্পত্তি হয়েছে ৮৩০টি। অর্থাৎ নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা এক হাজার ৭৮টি। ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত দেড় মাসে আরও কিছু মামলা নিষ্পত্তি হয়েছে যার সমন্বিত হিসাব এখনো করা হয়নি।১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাঁদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে ওই সম্পত্তির নাম অর্পিত সম্পত্তি করা হয়।