কোনো সভ্য দেশে, অসভ্য আইন চলতে পারে না। অর্পিত সম্পত্তি আইনটি একটি কালো ও অসভ্য আইন। এই আইন সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। বারবার এই আইনটি বাতিলের দাবি জানানোর পরও একটি গোষ্ঠী এটি ফিরিয়ে আনছে। বাংলাদেশকে অভিশপ্ত করছে। এটি মানবাধিকার লঙ্ঘন। এই আইন বাতিল করে দেশকে অভিশাপমুক্ত করতে হবে।গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন: প্রয়োজন ঐতিহাসিক অবিচারের চির অবসান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সাতটি মানবাধিকার ও সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট (এএলআরডি), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, এইচডিআরসি ও নিজেরা করি গোলটেবিলের আয়োজন করে।অর্পিত সম্পত্তি আইনকে বৈষম্যমূলক আইন অভিহিত করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই আইন বৈষম্যের সৃষ্টি করে। এই আইন একটি সম্প্রদায়ের ওপর ভীতি সৃষ্টি করার অস্ত্র। এই আইনের ওপর পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছে। এই আইনটি জাতির জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে জাতিকে অবশ্যই মুক্ত করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন এমনিতেই বাতিল হয়ে যাওয়ার কথা। তাই এই অর্পিত সম্পত্তি আইনটিও কোনো আইন নয়।প্রবীণ আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, সরকার ইচ্ছা করলে একটি প্রজ্ঞাপন জারি করেই আইনটি বাতিল করতে পারে। এর জন্য আলাদা করে আইন করার প্রয়োজন হয় না। ১৯৭২ সালের সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এই আইনটিও বাতিল হয়ে যাওয়ার কথা।নারী নেত্রী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, অবশ্যই অর্পিত সম্পত্তি আইন বাতিল করতে হবে। সরকারকে মনে রাখতে হবে, জনগণের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে। কিন্তু এখন সাম্প্রদায়িকতা শেষ না হয়ে উল্টো আরও শক্ত হচ্ছে। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, অর্পিত সম্পত্তি আইন বাতিল করতেই হবে। নতুন প্রজন্মকে অন্যের জমি দখল করা থেকে বিরত রাখার শিক্ষা দিতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পূজা উদ্যাপন পরিষদের নেতা রানা দাশগুপ্ত। সুব্রত চৌধুরীর পরিচালনায় আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বারকাত, মেসবাহ কামাল, মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, অ্যারোমা দত্ত, মানবাধিকারকর্মী সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য দেন।