অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন ২০১১ বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ছয় দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত আটটি সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, চার দশকের বেশি সময় ধরে লাখ লাখ পরিবার শত্রুসম্পত্তি আইনের মারপ্যাঁচে পিষ্ট। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আইন সংশোধন হলেও অসৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায় আইনের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, এএলআরডি, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সম্মিলিত সামাজিক আন্দোলন এবং এইচডিআরসি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সূচনা বক্তব্যে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী বলেন, শত্রুসম্পত্তি আইনের জাঁতাকলে বহু পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসেছে। বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে আইন সংশোধন হলেও নানা কৌশলে সমাধান বিলম্বিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, সংশোধিত আইন অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপত্তি জানানোর সময় রেখে অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ করতে হবে। তালিকা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ সম্ভাব্য সব স্থানে পাওয়ার সুযোগ রাখতে হবে। অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকা প্রকাশিত হলেও তা অনেকেই পাচ্ছেন না। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার তালিকা বিজি প্রেস থেকে ৩ এপ্রিল প্রকাশিত হলেও ঢাকায় ওই তালিকা পাওয়া গেছে মাত্র দুই দিন আগে। এভাবে তালিকা প্রকাশিত হলে আপত্তি জানানোর সুযোগ থাকবে না। জেলা পর্যায়ে অর্পিত সম্পত্তিসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ২০০১ সালের আইনে কিছু সমস্যা থাকায় আইনটি সংশোধন করা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের ফলে পূর্ণাঙ্গ আইন হয়েছে। কিন্তু আইন বাস্তবায়নে হয়রানি মোকাবিলায় সবাইকে সজাগ হতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন, ব্লাস্টের পরিচালক সারা হোসেন ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ।