অর্পিত সম্পত্তি আইন সংশোধন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে ৯ সংগঠন
অর্পিত সম্পত্তি আইন সংশোধন করে বাতিল হয়ে যাওয়া খ-তফসিলের সম্পত্তিগুলো পুনরায় তালিকাভুক্ত করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে নয়টি বেসরকারি সংগঠন। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংগঠনগুলোর পক্ষে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সরকারের উচ্চ পর্যায়ের অগোচরে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তারা নতুন করে আইন সংশোধনের অপচেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে নতুন করে গেজেট প্রকাশ করা হলে তা হবে ‘অবৈধ ও বেআইনি’।
অর্পিত সম্পত্তি আইনে সংশোধনী আনার জন্য ভূমি মন্ত্রণালয় গত ১০ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে একটি খসড়া (সংশোধনী) আইন উপস্থাপন করে। সেখানে ৯ এর (১ক) ধারা নামে একটি নতুন ধারা সংযোজন করার প্রস্তাব করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খ-তফসিলের অন্তর্ভুক্ত সম্পত্তিগুলোকে আইন সংশোধনীর মাধ্যমে ক-তফসিলে পুনরায় সংশোধিত তালিকায় অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে।
তবে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য এ সংশোধনীর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করার জন্য সংশোধনীটিকে ভূমি মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এমন সিদ্ধান্তের জন্য সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সংগঠনগুলো হলো—আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় পূজা উদযাপন কমিটি, এএলআরডি, সম্মিলিত সামাজিক আন্দোলন, ব্লাস্ট ও এইচডিআরসি।
সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করির খুশি কবীর, জাতীয় পূজা উদযাপন কমিটির নেতা কাজল দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।