অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০১১ সালে একবার, ২০১২ সালে দুবার এবং গত পাঁচ মে আইনে যেসব সংশোধনী আনা হয়েছে তাতে মানুষের আশা দুরাশায় পরিণত হয়েছে। এতে সংখ্যালঘুরা হতাশ হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১-এর সংশোধনীর সংকট ও জনদুর্ভোগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আলোচকেরা এ কথা বলেন।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের নয়টি মানবাধিকার সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে বলা হয়, সর্বশেষ সংশোধনীতে সম্পত্তির নতুন নতুন তালিকার গেজেট প্রকাশের যে সুযোগ সৃষ্টি করা হয়েছে তা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০-এর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এ সংশোধনী বাতিল করা না হলে সংখ্যালঘুদের কোনো সম্পত্তিই আর অর্পিত তালিকার বাইরে থাকবে না।সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন। এতে বলা হয়, বিভিন্ন জেলায় ট্রাইব্যুনাল ও জেলা কমিটিতে চার লাখের বেশি আবেদন জমা পড়েছে। কিন্তু ট্রাইব্যুনালে বিচারক স্বল্পতা, আইনি অস্পষ্টতা, একশ্রেণীর অসৎ কর্মচারী ও কর্মকর্তার অসহযোগিতার কারণে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংবাদ সম্মেলনে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি অসংখ্য ভুলে ভরা। এ ছাড়া এটি ১৯৭৪ সালের আইনের পরিপন্থী এবং সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনা অনুযায়ী অবৈধ। তাই ‘খ’ তফসিল পুরোটা বাতিল করতেই হবে। আলোচনায় অংশ নেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।