জাতীয় সংসদে উত্থাপন করা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১১-এর খসড়া প্রত্যাহারের দাবি করেছেন দেশের ৪৭ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সরকারের কাছে তাঁরা এ দাবি জানান।বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়, অর্পিত আইনে ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্মিলিত নাগরিক সমাজের সাত দফা দাবির প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। এসব দাবির ভিত্তিতেই দ্রুত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধন করতে হবে।গত বছরের ৭ ডিসেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১১-এর খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হয়।বিবৃতিদাতারা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের যেসব দোসর তাদের সহায়তা করেছিল ও যাঁরা পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন, তাঁদের সম্পত্তিও পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ১৯৭২ সালে রাষ্ট্রপতির এক আদেশে ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু ৪৫ বছর ধরে যেসব সংখ্যালঘু এই দেশে বাস করছেন, তাঁদের বাস্তুভিটা ও পারিবারিক সম্পত্তি মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়নি। এটা চরম বৈষম্যমূলক ও লজ্জার বিষয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ১৯৭৪ সালের ২৩ মার্চ পর্যন্ত অর্পিত ঘোষিত সম্পত্তির তালিকা গেজেট করে প্রকাশ ও ওই তারিখের পর অবৈধভাবে অর্পিত তালিকাভুক্ত সব সম্পত্তি অর্পিতবহির্ভূত ঘোষণা, নারী-পুরুষনির্বিশেষে অর্পিত সম্পত্তিতে মূল মালিকের উত্তরাধিকারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা রেখে আইন সংশোধন, অর্পিত সম্পত্তিসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য জেলা পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, এক্ষেত্রে আমলাদের খবরদারির অবসানের দাবি জানান বিশিষ্ট নাগরিকেরা।বিবৃতিদাতাদের মধ্যে আছেন—কবীর চৌধুরী, সালাহউদ্দীন আহমদ, জিল্লুর রহমান সিদ্দিকী, মুশারর্ফ হোসেন, মুস্তাফা নূরউল ইসলাম, সন্জীদা খাতুন, এম জহির, মো. আনিসুর রহমান, গোলাম রাব্বানী, কাইয়ুম চৌধুরী, এম আমীর-উল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, নূরজাহান বোস, খোন্দকার ইব্রাহিম খালেদ, আবদুল বাসেত মজুমদার, মনসুরুল হক চৌধুরী, হাশেম খান, কাজী খলীকুজ্জমান আহমদ, সুলতানা কামাল, রফিকুন নবী, রোকনউদ্দিন মাহমুদ, খুশী কবির, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, সেলিনা হোসেন, সুব্রত চৌধুরী, তোবারক হোসেন, আবুল বার্ক আল্ভী, আবুল বারকাত, শামসুল হুদা প্রমুখ।