অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের প্রক্রিয়ায় ওই সম্পত্তির দাবিদারদের আবেদনের সময়সীমা আরও চার মাস বাড়িয়ে আইন সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।অনুমোদিত সংশোধনী অনুযায়ী অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশের ৩০০ দিনের মধ্যে এর দাবিদারেরা আবেদন করতে পারবেন। এর আগে এই সময়সীমা ১৮০ দিন অর্থাৎ ছয় মাস ছিল। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন)’ আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশে ও স্থানীয় পর্যায়ে গেজেট পৌঁছাতে বিলম্ব এবং আবেদনের জন্য নথিপত্র সংগ্রহে বাড়তি সময় লাগার কারণেই মন্ত্রিসভা আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কাগজপত্রের নথির নকল বা অনুলিপি সংগ্রহের সময়সীমাও বাড়িয়ে ৩০ দিন বা এক মাস করা হয়েছে বলে সচিব জানান। দেশে বর্তমানে প্রায় ছয় লাখ ৬০ হাজার একর অর্পিত সম্পত্তি রয়েছে, যার গেজেট আকারে প্রকাশ করতে অনেক সময় প্রয়োজন। পাশাপাশি নথিপত্র সংগ্রহ করাও অনেক সময়সাপেক্ষ।মন্ত্রিসভার বৈঠকে ইসলামি আরবি এফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় আইন-২০১২ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এফিলিয়েটিং শব্দটি থাকবে না। এ ব্যাপারে একটি সংশোধনী আনা হয়েছে। আইনানুযায়ী দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা পরিচালনা করবে এই বিশ্ববিদ্যালয়। এটি অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে হবে। এসব মাদ্রাসার সব কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হবে। বর্তমানে ফাজিল ও কামিল মাদ্রাসাগুলো পরিচালনা করে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ: সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন নিয়ে বিতর্ক সম্পর্কে বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদই (বোর্ড) এমডি (ব্যবস্থাপনা পরিচালক) নিয়োগ দেবে। চেয়ারম্যান নন।মোশাররাফ হোসাইন বলেন, চেয়ারম্যান বোর্ডের সঙ্গে পরামর্শ করে সিলেকশন কমিটি গঠন করবেন। ওই কমিটি তিনজনের একটি প্যানেল তৈরি করবে। বোর্ড সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এমডি নিয়োগ করবে। তিনি বলেন, গণমাধ্যমে গ্রামীণ ব্যাংকের এমডি চেয়ারম্যান নিয়োগ দেবে বলে সংবাদ প্রকাশিত হওয়ায় এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই গ্রামীণ ব্যাংকে সরকার হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেন। এ বিতর্কের অবসান ঘটাতেই মন্ত্রিপরিষদ সচিব গতকালের মন্ত্রিসভার বৈঠক শেষে এ ব্যাখা দেন। ড. মুহাম্মদ ইউনূসের অতিরিক্ত সময় এমডি পদে থাকার বৈধতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘আদালতের রায়েই তাঁর ৬০ বছরের বেশি সময় দায়িত্বে থাকাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এ নিয়ে মন্ত্রিসভার কোনো পর্যবেক্ষণ নেই। তবে বাড়তি সময়ে কী পরিমাণ বেতন-ভাতা তিনি নিয়েছেন এবং এটি বৈধ কি না, তা খতিয়ে দেখতে মন্ত্রিসভার গত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।