অর্পিত সম্পত্তি ইজারা ও হস্তান্তরে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি ইজারা নেওয়ার নামে একটি মহল অনুমতি ছাড়াই পাকা স্থাপনা তৈরি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই মহল অন্য আরেকটি অর্পিত সম্পত্তি ইজারা নিয়ে শ্রেণী পরিবর্তনের চেষ্টা করছে। এসব জমির ইজারাদার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান অরুণের আত্মীয়।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার সেরকান্দি মৌজার ২৩/১৬০৪ নম্বর দাগের সাড়ে ১১ শতাংশ জমি ১৯৬৯-৭০ সালে ইজারা নিয়েছেন সামসুজ্জামান অরুণের ভগ্নিপতি আতিয়ার রহমান। ওই জমিতে আতিয়ার রহমান কিছুদিন আগে পাকা বাড়ি নির্মাণ শুরু করেন। বাড়ি তৈরির প্রাথমিক কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, অর্পিত সম্পত্তির শ্রেণী পরিবর্তন করতে হলে জেলা প্রশাসনের অনুমতি লাগে। এ ছাড়া ওই জমিতে শুধু সেমিপাকা স্থাপনা করা যাবে। এর জন্য লাগবে জেলা কর্তৃপক্ষের অনুমতি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি ইজারাদার গত দুই বছর ইজারা নবায়নও করেননি।একই মৌজার ২৩/১১৪ নম্বর দাগে ৬২ শতাংশ ডোবা জমি মেয়রের স্ত্রী হোসনেয়ারা বেগম, কাউন্সিলর হারুন-অর-রশীদ হারুন, মজিবর রহমান, খন্দকার লিপু আমির ও রাকিবুজ্জামানের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি সালমা সুলতানার নামে বন্দোবস্ত নেওয়া ছিল। মেয়াদ শেষ হওয়ায় সালমা সুলতানা গত ২ জানুয়ারি নবায়নের আবেদন করেন। আবেদনটি গত ২ মার্চ মঞ্জুর হয়। কিন্তু গত ২৭ মার্চ সালমা সুলতানা বর্তমান ইজারাদারদের কাছে অবৈধভাবে জমিটি হস্তান্তর করেন। একই দিনে ওই পাঁচজন বন্দোবস্তের জন্য আবেদন করলে গত ৬ এপ্রিল তাঁদের নামে বন্দোবস্ত দেন ওই সময়ে সহকারী কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমান।উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, কোনো ইজারাদার ইজারা নবায়নে অনিচ্ছুক হলে তিনি বন্দোবস্ত প্রদানকারীর দপ্তরে আবেদন করে তা হস্তান্তর করবেন। কিন্তু এ ক্ষেত্রে একজনের নামে বন্দোবস্ত থাকা অবস্থায় নতুন করে পাঁচজনের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডোবা ভরাট করে সীমানাপ্রাচীর ও সেমিপাকা ঘর নির্মাণের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন ওই পাঁচজন।সহকারী কমিশনার বলেন, যিনি জমির মালিকই না, তিনি কীভাবে জমি হস্তান্তর করেন। ওই ডোবা আগে যাঁর নামে করা, সেটিই নিয়মানুসারে বাতিল হয়নি। পৌর মেয়র বলেন, ‘জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেয়ে যাব।’ অনুমতির আগেই স্থাপনা তৈরির ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ইউএনও রহমান দাবি করেন, ইজারা হস্তান্তরে কোনো অনিয়ম হয়নি।