অর্পিত সম্পত্তি দখল করে বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঞ্চনপাড়া বাজারে অর্পিত সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আনোয়ার হোসেন সরদার নামের স্থানীয় এক ব্যবসায়ী কিছুদিন আগে ওই অর্পিত সম্পত্তির ১০ শতাংশ জমিতে আটটি পাকা কক্ষ নির্মাণ করেছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মহিষার মৌজার এসএ ৬০৫ নম্বর দাগের ১০ শতাংশ জমির মালিক দেবেন্দ্র চন্দ্র দাস ও গোপাল চন্দ্র দাস। ভিপি নম্বর-২৭। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা এ সম্পত্তি ফেলে ভারতে চলে যান। পরে সরকার সম্পত্তিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঞ্চনপাড়া বাজারের ওই ব্যবসায়ী গত ২৫ জুলাই ওই ১০ শতাংশ জমি দখল করে সেখানে মার্কেট নির্মাণের জন্য আটটি কক্ষ নির্মাণ করেন। আনোয়ার হোসেন সরদার দাবি করেন, সম্পত্তিটি তাঁরা দেবেন্দ্র চন্দ্র দাস ও গোপাল চন্দ্র দাসের কাছ থেকে স্বাধীনের আগে কিনেছেন। কিন্তু সরকার এটা এখন ভিপি করে রেখেছে। মার্কেট নির্মাণ করার সময় প্রশাসন বাধা দেওয়ায় জেলা যুগ্ম জজ আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে আনোয়ার হোসেন ওই জমির দলিল দেখাতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আসাদুল হক বলেন, ‘অর্পিত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের খবর পেয়ে বাধা দিয়েছিলাম। তখন তাঁরা নির্মাণকাজ বন্ধ রেখেছিলেন। পুনরায় নির্মাণকাজ চালু করার খবর আমার কাছে নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’