অর্পিত সম্পত্তি নিলামে বিক্রি, পরে ভুল স্বীকার
বিদ্যালয়ের উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাটোরে পুরোনো একটি বাড়ি (অর্পিত সম্পত্তি) নিলামে বিক্রি করে দিয়েছেন। ১২ কক্ষের ওই পাকা বাড়িটি ভেঙে নেওয়ার সময় স্থানীয় প্রশাসন বাদ সেধেছে। সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার বাসুদেবপুর গ্রামে সজীব ভট্টাচার্যের বসতবাড়ি রয়েছে। ১৯৪৭ সালে সপরিবারে ভারতে চলে যাওয়ায় তাঁর বাড়িটি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়। দীর্ঘদিন ধরে বাড়িটি স্থানীয় একটি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহূত হয়ে আসছে। হঠাৎ গত ২৯ আগস্ট স্থানীয় শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে বাড়িটি পরিচালনা কমিটির সাবেক সদস্য জহুরুল ইসলামের কাছে বিক্রি করে দেন। বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ব্যয় মেটানোর কথা বলে বাড়িটি বিক্রি করা হয়। বাড়িটির প্রকৃত মূল্য কয়েক লাখ টাকা হবে বলে এলাকাবাসী জানান।জানা গেছে, জহুরুল ইসলাম স্থানীয় বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নূরুল ইসলাম একই দলের একজন সক্রিয় কর্মী। এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁদের এ সিদ্ধান্তে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। জহুরুল ইসলাম দ্রুততার সঙ্গে বাড়িটি ভেঙে ইট-পাথর সরিয়ে নিতে থাকলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। গত মঙ্গলবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ভাঙার কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান বলেন, হাল খতিয়ানদৃষ্টে সজীব ভট্টাচার্যের বসতবাড়িটি অর্পিত সম্পত্তি। প্রচলিত আইন অনুসারে ওই বাড়িটি কারও পক্ষেই বিক্রি করা সম্ভব নয়। বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াছিন আলী ও সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘বাড়িটি আমাদের বিদ্যানিকেতনের বলেই এত দিন জানতাম। তাই বিদ্যানিকেতনের নির্মাণাধীন একটি ভবনের ব্যয় মেটাতে ব্যবস্থাপনা কমিটি সভায় সিদ্ধান্ত নিয়ে বাড়িটি বিক্রি করেছিলাম। অর্পিত সম্পত্তি বিক্রি করা যায় না, এ-সংক্রান্ত আইন জানা না থাকায় ভুলক্রমে আমরা বাড়িটি বিক্রি করেছি।’