অর্পিত সম্পত্তি নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়েছে
ইজারা দেওয়া (‘ক’ তফসিল) অর্পিত সম্পত্তির তালিকার গেজেট প্রকাশ করে তা জেলাগুলোতে পাঠানো হয়েছে। আর ‘খ’ তফসিলভুক্ত ইজারা না দেওয়া সম্পত্তির তালিকার গেজেট প্রকাশ করে জেলায় পাঠানোর কাজ চলছে। গতকাল মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।তথ্য বিবরণীতে বলা হয়, তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির ওপর কারও দাবি থাকলে এ বিষয়ে গঠিত ট্রাইব্যুনাল বা জেলা কমিটির কাছে আবেদন করার অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়।‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির বিষয়ে জেলা জজের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এবং ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত জেলা কমিটি বা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.minland.gov.bd) বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে যেসব পাকিস্তানি নাগরিক ভারতে চলে যান তাঁদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি’ করা হয়। আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে অর্পিত সম্পত্তি মূল মালিক বা তাঁদের উত্তরাধিকারীর কাছে ফিরিয়ে দিতে আইন করা হয়। সরকার বদল হলে এ নিয়ে অগ্রগতি থমকে যায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার গত বছর সংসদে প্রয়োজনীয় আইন পাস করে। সে অনুযায়ী সম্পত্তি প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।