
অর্পিত সম্পত্তি নিয়ে সরকার মোনাফেকি করছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেছেন, ‘মোনাফেকির একটি সীমা আছে। এটা আপনাদের ভাবতে হবে।’
গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে এক আলোচনায় সুলতানা কামাল এ কথা বলেন।
সুলতানা কামাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব যাঁরা নিয়েছেন, তাঁরা বঙ্গবন্ধুর মূল আদর্শের কথা ভুলে গেছেন। সরকার কথায় কথায় উন্নয়নের দোহাই দিচ্ছে। পৃথিবীর অনেক দেশেরই উন্নয়ন হচ্ছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শের প্রধান ব্র্যান্ডিং ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই পথ থেকে সরে এসে শুধু উন্নয়নের দোহাই দিলে হবে না। বাংলাদেশ স্বাধীন করার পেছনে অনেক মানুষের, অনেক বংশের ভূমিকা ছিল।
‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের ফলাফল এবং এর বাস্তবায়নের প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। এএলআরডির সহায়তায় এই গবেষণা করেছেন অর্থনীতিবিদ আবুল বারাকাতের নেতৃত্বে একটি দল। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অর্পিত সম্পত্তি ফিরে পেতে একজন ভুক্তভোগীকে গড়ে প্রতি মামলায় ২ লাখ ২৭ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে ঘুষ দিতে। সম্পত্তি ফিরে পেতে এযাবৎ মোট ২ লাখ আবেদনকারীকে ঘুষ দিতে হয়েছে কমপক্ষে ২ হাজার ২৭০ কোটি টাকা।
আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ ৬৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছিল। এর মধ্যে ২০ শতাংশ ছিল সংখ্যালঘু ভোট। স্বাধীনতার পর সেই সংখ্যালঘুদের সংখ্যা ৯ শতাংশে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে দেশ আস্তে আস্তে সংখ্যালঘুশূন্য হয়ে যাবে। তিনি বলেন, হেফাজতকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন হয় না। সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা যায় না।
আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, দেশে বেশির ভাগ অর্পিত সম্পত্তি ক্ষমতাবানেরা দখল করে নিয়েছে। যে কটি আছে তা আবারও গ্রাস করার জন্য নতুন তালিকা তৈরি করা হচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, মানবাধিকারকর্মী খুশী কবির, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহসভাপতি তবারক হোসেন প্রমুখ।