অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদন করার ও নিষ্পত্তির সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। এ জন্য প্রত্যর্পণ আইন আবারও সংশোধন করা হবে। বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় খুব শিগগির অধ্যাদেশের মাধ্যমে এ আইন সংশোধন করা হবে। ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ‘ক’ (সরকারের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তি) এবং ‘খ’ (সরকারের নিয়ন্ত্রণের বাইরে) উভয় তফসিলভুক্ত সম্পত্তির জন্য গেজেট প্রকাশের ২১০ দিনের মধ্যে আবেদন করা যাবে। বর্তমান আইনে আবেদনের সময়সীমা ১২০ দিন। আর নিষ্পত্তির জন্য জেলা কমিটি ও ট্রাইব্যুনাল উভয়ই সময় পাবে ৩০০ দিন। বর্তমান আইনে জেলা কমিটিতে ১২০ দিন ও ট্রাইব্যুনালে ১৮০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির কথা আছে।জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. ইব্রাহীম হোসেন খান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আইনের সংশোধনী প্রস্তাব যাচাইয়ের (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ফেরত আসার পর অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন হতে পারে।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, বেশ কয়েকজন জেলা প্রশাসক (ডিসি) জানিয়েছেন, অনেক জায়গায় ভুক্তভোগীরা ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির জন্য বর্তমানে নির্ধারণ করে দেওয়া সময়ে আবেদন করতে পারেননি। ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির আবেদনের ক্ষেত্রেও কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রচুর আবেদন জমা পড়ায় বর্তমানে নির্ধারিত থাকা সময়ে ট্রাইব্যুনাল ও জেলা কমিটিতে নিষ্পত্তি করা সম্ভব হবে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদও সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। এসব কারণেই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহেই আইন সংশোধনের লক্ষ্যে প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।এর আগে গত জুন মাসে এ আইন সংশোধন করে আবেদনের সময় ৯০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল। তখন ‘খ’ তফসিলের গেজেট প্রকাশের সময়ও ১৫০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিন করা হয়েছিল।গেজেটে ভুল: প্রকাশিত গেজেটে কিছু ভুলভ্রান্তি রয়েছে বলে ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া গেছে। যেমন: গেজেটে কোনো কোনো এলাকার যে সম্পত্তি অর্পিত নয়, সেগুলোও অর্পিত হিসেবে ছাপা হয়েছে, কোনো কোনো জায়গায় মূল মালিকের নাম ও পিতার নাম ভুল, খতিয়ান ও দাগ নম্বর ভুল, জমির পরিমাণ ভুল কিংবা একই সম্পত্তি ‘ক’ ও ‘খ’ উভয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এসব কারণে আবেদন করতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন।এ বিষয়ে ইব্রাহীম হোসেন খান বলেন, কিছু ভুলের বিষয় তাঁদের নজরেও এসেছে। সেগুলো সংশোধন করা হবে।