হিন্দুধর্মীয় নেতাদের প্রধানমন্ত্রী
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়নে অভিন্ন সুপারিশ করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়নে অভিন্ন সুপারিশ পেশের জন্য হিন্দুধর্মাবলম্বী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের ঢাকা ও চট্টগ্রামের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল শনিবার গণভবনে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ব্যাপারে বিভিন্ন সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, এ আইনটি এখন সংসদের স্থায়ী কমিটিতে বিবেচনার জন্য রয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়নের ব্যাপারে স্থায়ী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তিনি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এতে সংসদে আইনটি পাস করতে সুবিধা হবে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শ্রীকৃষ্ণের মর্মবাণী হচ্ছে, দুষ্টের দমন ও শিষ্টের পালন। সব ধর্মেই এ কথা বলা আছে। ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষ এই নীতিতে বিশ্বাস করে। আমাদের সরকারও দুষ্টকে দমন করে শিষ্টের পালনের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।’প্রধানমন্ত্রী হিন্দুসম্প্র্রদায়ের প্রতি কখনোই নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারাও এ দেশের নাগরিক, সম-অধিকার নিয়েই বসবাস করবেন। বর্তমান সরকার সব ধর্মের ধর্মীয় উৎসব উদ্যাপনে স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’শেখ হাসিনা হিন্দুধর্মাবলম্বীদের জমি নিবন্ধন, দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, দেশে যেসব ঐতিহাসিক ধর্মীয় নিদর্শন রয়েছে তা রক্ষণাবেক্ষণ করা জাতীয় দায়িত্ব। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, চট্টগ্রাম পূজা উদ্যাপন পরিষদ ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের নেতা রানা দাশগুপ্ত, সুকুমার চৌধুরী, বীরেশ চন্দ্র সাহা, দেবাশীষ পালিত প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাসস।