অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে আট দফা সুপারিশ
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের জন্য আট দফা সুপারিশ প্রস্তাব করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে এসব সুপারিশ তুলে ধরা হয়।
বৈঠকে পরিষদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন রানা দাশগুপ্ত, নিমচন্দ্র ভৌমিক, সুব্রত চৌধুরী ও কাজল দেবনাথ। বৈঠকে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা সারা দেশের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে বিগত কয়েক বছর ধরে প্রায় দুই লাখ আবেদন নিষ্পত্তিতে বিদ্যমান ধীরগতির কথা তুলে ধরে বলেন, এ অবস্থা চলতে থাকলে ভুক্তভোগীদের আইনানুগ সুফল পাওয়ার জন্য আরও ৫০ বছর অপেক্ষা করতে হবে। তাঁরা বলেন, বেশির ভাগ জেলাতেই সরকারি কৌঁসুলিরা জবাব দেওয়ার নামে সীমাহীন দুর্নীতি, নানাভাবে কালক্ষেপণ ও ভুক্তভোগী লোকজনকে হয়রানি করে চলেছেন। তা ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অসাধু তৎপরতা ও অনিয়ম প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল থেকে জটিলতর করে তুলছে।
ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনালে নিষ্পত্তিকৃত আবেদনের পরিপোষকে আইনানুগভাবে ভুক্তভোগীদের বরাবর জেলা প্রশাসকেরা রিট দায়েরের কথা বলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে ইচ্ছাকৃত গড়িমসি করে প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছাকে ম্লান করে চলেছেন। এর পরিপ্রেক্ষিতে ঐক্য পরিষদের নেতাদের আট দফা সুপারিশের মধ্যে রয়েছে ট্রাইব্যুনালে সরকারি কৌঁসুলিদের লিখিত জবাব দাখিলের জন্য সুনির্দিষ্ট মাস নির্ধারণ, যেসব জেলায় বিপুলসংখ্যক আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে, সেসব জেলায় অন্তত একটি পৃথক সার্বক্ষণিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন কিংবা প্রতি সপ্তাহে আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্টসংখ্যক মামলা শুনানির লক্ষ্যমাত্রা নির্ধারণ, রিট দায়েরের নামে অহেতুক কালক্ষেপণ না করে আইনে উল্লেখিত ধারায় বর্ণিত সময়সীমার মধ্যে ভুক্তভোগীদের বরাবর তা প্রত্যর্পণ, বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন, আইনের ১৩ ধারায় ভুক্তভোগীদের আইনগত অধিকার সংরক্ষণের ‘সেভিংস সাব-ক্লজ’ সংযুক্ত করে আইনের প্রয়োজনীয় সংশোধন, আবেদন দায়েরের ক্ষেত্রে আরও ৩৬০দিন বর্ধিতকরণ, আবেদন নিষ্পত্তির গতি মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ে মনিটরিং সেল স্থাপন ও সাব-রেজিস্ট্রার থেকে দলিলের নকল সরবরাহের ক্ষেত্রে অহেতুক বিলম্ব রোধকরণ।
ঐক্য পরিষদ নেতৃবৃন্দ কয়েক মাস আগে মন্ত্রিসভায় উত্থাপিত এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রত্যাখ্যাত সর্বশেষ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধনীসংক্রান্ত বিলে উল্লিখিত ‘সরকারের নির্দেশনা প্রদানের ক্ষমতা’ ব্যতিরেকে বিলের বাদবাকি অংশের সঙ্গে ঐকমত্য পোষণ করে অনতিবিলম্বে তা মন্ত্রিপরিষদের সভায় উত্থাপনে উদ্যোগী ভূমিকা গ্রহণের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।
আইনমন্ত্রী আনিসুল হক পরিষদের আট দফা সুপারিশের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে বলেন, রিট দায়েরের নামে কালক্ষেপণ না করে ট্রাইব্যুনালে নিষ্পত্তিকৃত রায় ও সিদ্ধান্তের আলোকে ভুক্তভোগীদের বরাবরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসহ অন্যান্য বিষয়ে এক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হবে। এ ছাড়া আইনের প্রয়োজনীয় সংশোধনী বিষয়েও তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।