অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সম্পত্তি প্রত্যর্পণের প্রক্রিয়ায় ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলেছে পরিষদ। গতকাল বুধবার শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পর আজও সেখানে শান্তি প্রতিষ্ঠা পায়নি। সেখানকার সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমির অধিকার প্রতিষ্ঠা হয়নি। একইভাবে ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণীত হলেও তা কার্যকর হয়নি। বরং সম্পত্তি প্রত্যর্পণের ক্ষেত্রে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ঘুষ, দুর্নীতিসহ নানা হয়রানির শিকার হচ্ছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ১৯৬৫ সালে পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি আইনের মাধ্যমে দেশের অগ্রসর একটি জনগোষ্ঠীকে অনগ্রসরতার দিকে ঠেলে দেয়। স্বাধীনতা-পরবর্তীকালে তা অর্পিত সম্পত্তি আইনের মোড়কে হাজির হয়ে অনগ্রসরতার এ ধারাকে আরও এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘গতকাল ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা দুই লাখ ধর্মীয় সংখ্যালঘু মানুষকে সে দেশে থাকার অনুমতি দিয়েছে। এটা আমাদের জাতীয় লজ্জা। আমি আমাদের সরকারকে বলব এ বিষয়ে সংসদে আলাদা একটা অধিবেশন ডাকতে। সেখানে আলোচনা করা হোক, কেন এ দেশের মানুষ অন্য দেশে পালিয়ে যায়।’
পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল রায়ের মতে, প্রত্যর্পণ আইন কার্যকর না করে সারা দেশে সংখ্যালঘুদের ভূমি-সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে গ্রাস করার পরিকল্পনা চলছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথসহ আরও অনেকে মানববন্ধনে বক্তব্য দেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি আইন জারি করে। পাকিস্তান সরকার দেশ রক্ষা আইন হিসেবে ৯ সেপ্টেম্বর ‘ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্স’ জারি করে। তাতে বলা হয়, দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর দিন থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানের যেসব নাগরিক শত্রু রাষ্ট্র ভারতে অবস্থান করেছে, তাদের সম্পত্তি (বাড়ি-ঘর, জমি, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান) শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং সরকারের হেফাজতে চলে যাবে। কালো আইন হিসেবে পরিচিত এ আইনটির ৫০ বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার। এই ভূখণ্ডে অসংখ্য মানুষ ও পরিবারের জন্য, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য আইনটি অভিশাপ হয়ে আছে। এই আইনের শিকার হয়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে। অনেকে দীর্ঘকাল মামলার বোঝা টেনে চলতে বাধ্য হচ্ছেন।
১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সরকার অর্পিত সম্পত্তি আইন বাতিল করে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান আবার সেই আইনটিই পুনরুজ্জীবিত করেন। শেখ হাসিনার সরকার ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (২০০১ সালের ১৬ নম্বর আইন) জারি করে। ২০০৯ সালে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এসে আবার আইন সংশোধন করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেন। বর্তমান সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের বিষয়ে বদ্ধপরিকর।