আগামী এক মাসের মধ্যে বিধিমালা প্রণয়ন করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।গতকাল শনিবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত সমাবেশে পরিষদের নেতারা বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনী বিলকে স্বাগত জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, এতে ২০০১ সালের মূল আইনের অপূর্ণতা, অসম্পূর্ণতা ও দ্ব্যর্থবোধকতার অনেক খানি নিরসন হয়েছে। বিলটি সমতলের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা বলেন, ১৯৭৪ সালের ২৩ মার্চের পর থেকে যেসব সম্পত্তিকে অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেসব অবৈধ কার্যক্রমকে এই সংশোধনী আইন বিলোপের ব্যবস্থা করলে ন্যায়বিচার ও আইনের শাসন আরও নিশ্চিত হতো। যেসব দুর্নীতিবাজ আমলা-কর্মচারী গত চার দশকের বেশি সময় ধরে অবৈধ কার্যকলাপ চালিয়ে নিরীহ জনগণকে হয়রানি ও লুটপাট করেছেন, তাঁদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।সেক্টর কমান্ডার সি আর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, সাংসদ রাশেদ খান মেনন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল-ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।সমাবেশে নেতারা শাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করায় সন্তোষ জানিয়ে বলেন, কমিশনের সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।