অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১’ সংশোধনের জন্য সাতটি অভিন্ন প্রস্তাবসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ১৩ জন সাংসদসহ বিশিষ্ট ব্যক্তিরা স্মারকলিপিতে সই করেন।স্মারকলিপিতে যে সাতটি অভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো হলো: ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে ২০০১ সালে গৃহীত অর্পিত সম্পত্তি আইনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন; আপিল বিভাগের রায়ের আলোকে ২৩ মার্চ ১৯৭৪ পর্যন্ত সরকারের ন্যস্ত সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য করে সংশোধনী আইনে অর্পিত সম্পত্তির সংজ্ঞা পুনর্নির্ধারণ; ওই রায়ের আলোকে ১৯৭৪ সালের ২৩ মার্চের সেন্সাস তালিকা অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ; ‘মূল মালিকের উত্তরাধিকার’-এর পাশাপাশি ‘সহ-অংশীদার’ কিংবা তাঁর উত্তরাধিকার (নারী-পুরুষনির্বিশেষে), একই সম্প্রদায়ভুক্ত শরিকদার একই পরিবারের সদস্য; মূল মালিক কিংবা তাঁদের উত্তরাধিকারের মাধ্যমে বৈধভাবে বিক্রি করা জমির মুসলিম সম্প্রদায়ভুক্ত মালিকদের অধিকার দেওয়া; জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন; ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে বিদ্যমান ‘নাগরিক’-এর সংজ্ঞায় ‘অব্যাহতভাবে’ শব্দটি কেটে দেওয়া। মূল আইনের ২৭ ধারায় ‘বিক্রয়’ শব্দের জায়গায় ‘প্রতীকী মূল্য’ প্রতিস্থাপনের পাশাপাশি ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত জমির মৌজার প্রতীকী মূল্য হিসেবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেন। বিজ্ঞপ্তি।