অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আবেদনের সময়সীমা আরও ৩০০ দিন বাড়ানোর দাবি
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদন করার সময়সীমা আরও ৩০০ দিন বাড়ানোর দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
একই সঙ্গে আইনের বিধান অনুযায়ী প্রতিকারপ্রার্থী জনগণের আবেদন দ্রুত নিষ্পত্তি ও ভূমিসংক্রান্ত যাবতীয় দলিলাদি সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের কাছ থেকে স্বল্পতম সময়ে পাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
তাঁরা বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে ক ও খ তফসিলের গেজেট নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করতে না পারায় সরকার দুই দফায় গেজেট প্রকাশের সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ ২০১৩ সালের গেজেট প্রকাশের সময়সীমা ও বিচার নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমা ৩০০ দিন বাড়ানো হলেও প্রতিকারের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে মাত্র ৫৭ দিন (৫ মে থেকে ৩০ জুন পর্যন্ত)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত। এ সময় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী ও নিমচন্দ্র ভৌমিক, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পরিমল চন্দ্র গুহ ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানের ক ও খ তফসিলভুক্ত গেজেট প্রকাশের দীর্ঘকাল পরও তা প্রতিকারপ্রার্থী জনগণের কাছে পৌঁছায়নি। পৌঁছানোর ক্ষেত্রে আমলাতান্ত্রিক গড়িমসি হয়েছে, এখনো হচ্ছে। একদিকে প্রতিকারপ্রার্থী জনগণের কাছে নির্ধারিত সময়ে যাতে গেজেট না পৌঁছে তার জন্য নানাবিধ চক্রান্তমূলক কর্মকাণ্ডের পাশাপাশি নির্ধারিত সময়ে যাতে বিচারপ্রার্থী জনগণ ট্রাইব্যুনালে বা কমিটিতে আবেদন করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট ভূমিসংক্রান্ত দপ্তর নানা অছিলায় সারা দেশে প্রয়োজনীয় দলিলাদি সরবরাহে অহেতুক গড়িমসি অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলন থেকে আইনের ৯(৬) ধারার পরিপন্থী নতুন নতুন সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য করে তার তালিকা গেজেট আকারে প্রকাশের চক্রান্ত রোধ, অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আইনের হোলসেল অ্যাবেটমেন্টসংক্রান্ত ১৩ ধারার ন্যায়সংগত সংশোধনী আনা, অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ বিষয়ে কমিটির সিদ্ধান্ত ও ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নসংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা জারিসহ যাবতীয় বাধা নিরসনে অবিলম্বে পদক্ষেপ গ্রহণে সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে এসব দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৮ মে দুপুর একটায় সারাদেশে জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মানবন্ধন, ১১ জুন সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ২১ জুন সারা দেশে সমাবেশ ইত্যাদির মাধ্যমে দাবি দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।