অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ও গ্রামীণ ব্যাংক সংশোধনী বিল সংসদে উত্থাপন
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়ে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল-২০১২’ গতকাল মঙ্গলবার সংসদে উত্থাপন করা হয়েছে। একই দিনে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধনী) বিল-২০১২’ উত্থাপন করা হয়। এর আগে অধ্যাদেশ জারির মাধ্যমে আইন দুটি সংশোধন করা হয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা ১২০ থেকে বাড়িয়ে ৩০০ দিন করার প্রস্তাব রেখে বিলটি সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী রেজাউল করিম। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত এই আইনের উদ্দেশ্য ও কারণ হিসেবে ভূমিমন্ত্রী তাঁর বিবৃতিতে বলেন, বিজি প্রেস থেকে গেজেট ছাপা হওয়ার পর সরবরাহ করতে প্রায় ২০ থেকে ৩০ দিন সময় লেগে যায়। তা ছাড়া গেজেট প্রকাশের পর তা জেলা ও উপজেলায় বিতরণ নিশ্চিত করতে আরও কয়েক দিন সময় লাগে। সম্পত্তির দাবিদারদেরও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে সময়ের প্রয়োজন হয়। সে কারণে আবেদনের সময়সীমা বাড়ানো প্রয়োজন।এর আগে গত ২৭ আগস্ট অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদন করার ও নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। তারও আগে গত জুন মাসে এই আইন সংশোধন করে আবেদনের সময় ৯০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল। তখন ‘খ’ তফসিলের গেজেট প্রকাশের সময়ও ১৫০ থেকে বাড়িয়ে ৩০০ দিন করা হয়েছিল।গ্রামীণ ব্যাংক (সংশোধনী) বিল: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপস্থিতিতে গ্রামীণ ব্যাংক (সংশোধনী) বিল-২০১২ সংসদে উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিলের উদ্দেশ্য ও কারণ হিসেবে বিবৃতিতে মন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগসংক্রান্ত বিধানের কারণে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার ফলে পদটি দীর্ঘদিন শূন্য থাকে। আইনটি জাতীয় সংসদে পাস হলে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ হবে এবং নিয়োগসংক্রান্ত জটিলতার নিরসন হবে। অর্পিত সম্পত্তির মতো এই বিলটিও পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।