অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ প্রক্রিয়ায় বাধা দিচ্ছে একটি চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি আইনের বাস্তবায়ন ও প্রত্যর্পণ প্রক্রিয়াকে একটি মহল জটিল থেকে জটিলতর করে তুলছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সদিচ্ছা সত্ত্বেও সরকারের ভেতরে একটি অংশের এ ধরনের কার্যক্রম পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।
নয়টি সংগঠনের সমন্বয়ে গঠন করা হয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল। এসব সংগঠন হলো আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), সম্মিলিত সামাজিক আন্দোলন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, নিজেরা করি ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চলতি বছরের ১২ এপ্রিল ভূমি মন্ত্রণালয় গোপনে একটি পরিপত্র জারি করে। সেখানে ‘ক’ তফসিলভুক্ত তালিকায় বাদ পড়া এবং ভুল হওয়া সম্পত্তির নতুন তালিকা তৈরির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কীভাবে নতুন করে আবার বাদ পড়া তালিকার নামে এ নির্দেশনা জারি করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। অবিলম্বে ওই পরিপত্র বাতিলের দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আইন মন্ত্রণালয় থেকে আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের রিট আবেদনের নির্দেশনা প্রত্যাহার করে সম্পত্তি অবমুক্ত করার জন্য আইন মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন নাই বলে পরিপত্র জারি করতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল সংবাদ সম্মেলনে বলেন, আইন হওয়ার পর পাঁচ বছরেও ৭০ শতাংশ মামলার নিষ্পত্তি হয়নি। ভূমিতে প্রকৃত মালিকের মালিকানা নিশ্চিত হয়নি। তিনি বলেন, গোপনে পরিপত্র জারি করার মাধ্যমে বাতিল হওয়া তালিকাকে ছদ্মবেশে প্রস্তুত করার অপচেষ্টা হচ্ছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে।