মানবাধিকার ও নাগরিক সংগঠনের বিবৃতি
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিলটি সংখ্যালঘু উচ্ছেদের হাতিয়ার
জাতীয় সংসদে উত্থাপিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিলটিকে সংখ্যালঘু উচ্ছেদের হাতিয়ার হিসেবে অভিহিত করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার এক বিবৃতিতে ঐক্য পরিষদ বলেছে, বিলটি পাস হলে সংখ্যালঘুরা পারিবারিক বসতভিটা থেকে ব্যাপকভাবে উচ্ছেদ হবে। একই আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকটি মানবাধিকার ও নাগরিক সংগঠনের নেতারা। তাঁরাও গতকাল এক বিবৃতিতে বলেছেন, উত্থাপিত বিলটি আইনে পরিণত হলে তা লাখ লাখ পরিবারকে তাদের সম্পত্তি থেকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহূত হবে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বিবৃতিতে বলেন, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যে বিলটি উত্থাপন করেছে, তা কোনোভাবেই সংখ্যালঘু জনগোষ্ঠীসহ নাগরিক সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না। তাঁরা বলেন, ওই বিলে হিন্দু যৌথ পরিবারের সহ-অংশীদারদের পারিবারিক জমিজমায় মালিকানার স্বীকৃতি দেওয়া হয়নি। অর্পিত সম্পত্তি আইনের সংশোধন সম্পর্কে জাতীয় ঐকমত্যের সাত দফাকেও বিবেচনায় নেওয়া হয়নি। বারবার আলোচনা করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, বিলটি প্রণয়নের ক্ষেত্রে তা-ও পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।কয়েকটি মানবাধিকার ও নাগরিক সংগঠনের নেতারা বিবৃতিতে বলেছেন, সংখ্যালঘুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইনে ১৯৭৪ সালের ২৩ মার্চের পর অর্পিত ঘোষিত সব সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকার বাইরে রাখতে হবে। এ ছাড়া নেতারা অর্পিত সম্পত্তির দাবিদার হিসেবে মূল মালিকের উত্তরাধিকারীদের পাশাপাশি মালিকের সহ-অংশীদার কিংবা তাঁর (নারী-পুরুষনির্বিশেষে) উত্তরাধিকারীর অধিকার সংরক্ষণ করার দাবি জানান। তাঁরা আরও বলেন, বিদ্যমান প্রত্যর্পণ আইনে ‘অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক হন’ এই শব্দগুলো দিয়ে সংখ্যালঘু মালিকদের হয়রানির ব্যবস্থা করা হয়েছে, তা রোধে ‘অব্যাহতভাবে’ শব্দটি বাদ দিতে হবে। ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক তবারক হোসেইন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইন সহায়তা সংস্থা ব্লাস্টের সাম্মানিক পরিচালক সারা হোসেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।