অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধন আইন মূল আইনের পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩-এ (২০১৩ সালের ২০ নং আইন) মূল আইনের মৌলিক চেতনার পরিপন্থী বিধান অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব শর্ত ও বিধান বাতিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছে সংগঠনটি।
গতকাল রোববার সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বেগম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৫ মে জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে মূল আইনের ৯(১) ধারার পর ৯(১ক) ধারা সংযোজনের মাধ্যমে নতুন করে অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ করার বিধান যুক্ত হয়েছে।
এ ছাড়া, মূল আইনের ১০(৮)(ঘ) ধারার পর ১০(৮)(ঘ)(আ) সংযোজনের মাধ্যমে গেজেটে প্রকাশিত তালিকায় মালিক বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা বিষয়ে বিধান রাখা হয়েছে।
এসব সংশোধনীর ফলে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং হবে বলে দাবি করা হয় বিবৃতিতে।
এই সংশোধনীর ফলে আইনের মারপ্যাঁচে যারা সম্পত্তি, ভূমি হারিয়েছেন তাদের ওপর শুরু হবে আরেক দফা বঞ্চনা, হয়রানি আর নির্যাতন।
অর্পিত সম্পতি প্রত্যর্পণে ইতিমধ্যে দায়ের করা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করে ভুক্তভোগী সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংবিধানিক ও মানবাধিকার রক্ষার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় বিবৃতিতে। বিজ্ঞপ্তি।