অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধন বিল সংসদে উত্থাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল, ২০১০ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলটিতে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে।এ ছাড়া গতকাল সংসদে দুটি বিল বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল, ২০১০ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিল, ২০১০ পাস হয়েছে।ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল উত্থাপন করেন। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ হওয়ার ৩০ দিন পর সরকার যত দ্রুত সম্ভব ওই সম্পত্তি প্রত্যর্পণ করবে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে ভূমিমন্ত্রী বলেন, সামাজিক শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়ে থাকলে তা ফেরত দেওয়ার জন্য এ বিল আনা হয়েছে। প্রস্তাবিত আইনে অর্পিত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তি এবং অপরটি হচ্ছে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির বহির্ভূত সম্পত্তি (ব্যক্তি দখলে থাকা অর্পিত সম্পত্তি)। এ দুই ধরনের অর্পিত সম্পত্তি বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ফেরত দিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা গেজেটে প্রকাশের ৩০ দিন পর ওই সম্পত্তি আবেদনকারী যোগ্য ব্যক্তিদের কাছে সরকার ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। তবে প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত নয়, এরূপ অর্পিত সম্পত্তির তালিকাও সরকার প্রকাশ করবে। এসব সম্পত্তিও অবমুক্ত করা হবে।প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত নয়, এরূপ কোনো সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের নামে রেকর্ডভুক্ত হলে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা দাবি করেন, তাহলে তিনি ওই তালিকা প্রকাশের ৯০ দিনের মধ্যে সব কাগজপত্র ও প্রয়োজনীয় প্রমাণাদিসহ সংশ্লিষ্ট উপজেলা বা মহানগর কমিটির সভাপতির কাছে অবমুক্তির জন্য আবেদন করতে পারবেন।প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, আবেদন পাওয়ার সময়সীমা অতিক্রান্ত হওয়ার ১২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা মহানগর কমিটি সব আবেদন যাচাই-বাছাই করে আবেদনকারীর শুনানি গ্রহণ করবে এবং প্রয়োজনে সরেজমিন তদন্ত করবে। এ ব্যাপারে কমিটির সুপারিশসহ ৪৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকের কাছে পাঠাবে। ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসন তার সিদ্ধান্ত দেবে। এ সিদ্ধান্তের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে তিনি জেলা প্রশাসকের সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে এর বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করতে পারবেন। এ আপিল আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি পক্ষগুলোর শুনানি গ্রহণ করে লিখিতভাবে সিদ্ধান্ত দেবে। এতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।প্রস্তাবিত আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে পাঁচ সদস্যের উপজেলা কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে মহানগর কমিটি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) সভাপতি করে জেলা কমিটি এবং ভূমি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে কেন্দ্রীয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা কমিটির উপদেষ্টা হবেন। সাংসদেরা মহানগর ও জেলা কমিটিরও উপদেষ্টা হবেন। ভূমিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হবেন।প্রসঙ্গত, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ওই বছরের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৎকালীন পাকিস্তানের যেসব নাগরিক তাঁদের সম্পত্তি ফেলে ভারতে যান তাঁদের সম্পত্তিকে শক্র সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। সংখ্যালঘুদের সম্পত্তি তাঁদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করে। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার আইনটি সংশোধন করে এর কার্যকারিতা স্থগিত করে।