আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে সরকার প্রতি জেলায় জেলা জজের সমন্বয়ে একটি করে ট্রাইব্যুনাল গঠন করেছে। কিছু জেলায় দরখাস্তকারীর সংখ্যা বেশি হওয়ায় একাধিক ট্রাইব্যুনাল কাজ করবে। সব অতিরিক্ত জেলা জজকেও ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হবে। তবে দরখাস্তকারীকে জেলা জজ বরাবরই আবেদন করতে হবে।গতকাল রোববার সচিবালয় কার্যালয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নাগরিক সমন্বয় সেলের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় আইনমন্ত্রী একাধিক ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আইন মন্ত্রণালয় শিগগিরই অতিরিক্ত জেলা জজদের ট্রাইব্যুনালের দায়িত্ব প্রদান-সংক্রান্ত নির্দেশনা জারি করবে। নির্দেশনার চিঠি প্রতি জেলার আইনজীবী সমিতির সভাপতি ও সচিবকে দেওয়া হবে এবং প্রত্যেক ট্রাইব্যুনালের সামনে অর্পিত সম্পত্তি-সংক্রান্ত দরখাস্ত গ্রহণের বিষয়ে সাইনবোর্ড লাগানো হবে। অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানীর নেতৃত্বে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নাগরিক সমন্বয় সেলের প্রতিনিধিদলের সদস্যরা হলেন খুশী কবির, কাজল দেবনাথ, তবারক হোসেইন, শামসুল হুদা ও এস এম রেজাউল করিম।