অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নির্দেশনা নিয়ে প্রশ্ন
আইন মন্ত্রণালয়ের একটি নির্দেশনা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নতুন করে বাধা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ করেছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেল। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেলভুক্ত নয়টি মানবাধিকার ও নাগরিক সংগঠনের নেতারা এ অভিযোগ করেন। তবে আইনমন্ত্রী বলছেন, এটা নির্দেশনা নয়, অনুশাসনমাত্র।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দেওয়া ওই নির্দেশনায় আইনমন্ত্রী বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণবিষয়ক ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন রিট করতে পারে। বিভিন্ন জেলায় যাঁরা সম্পত্তি ফেরত পাওয়ার পক্ষে ট্রাইব্যুনালের রায় পেয়েছেন, আইন মন্ত্রণালয়ের ওই নির্দেশনা উল্লেখ করে তাঁদের সম্পত্তি ফেরত দেওয়ার পরিবর্তে সরকার রিট করবে বলে বলা হচ্ছে। এর ফলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ-প্রক্রিয়ায় নতুন করে একটি সমস্যা সৃষ্টি হয়েছে। এতে সম্পত্তি ফেরত পেতে দেরি হবে এবং ভুক্তভোগীদের হয়রানি বাড়বে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগে বেশ কিছু মামলায় সম্পত্তির দাবিদারদের পক্ষে রায় হওয়ার পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা সম্পত্তি প্রত্যর্পণ না করে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছিলেন। তখন ভূমি মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা নিয়েও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে গত বছরের ২৮ অক্টোবর ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করার পর ওই ভুল-বোঝাবুঝির অবসান ঘটে। সেই পরিপত্রে বলা হয়, আইন অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত বিধায় রায় অনুসারে সম্পত্তি অবমুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন নেই। এরপর জেলা প্রশাসকেরা আইন মন্ত্রণালয়ের মতামত চান এবং তা নিয়ে নতুন করে টানাহেঁচড়া শুরু হয়েছে। যে কারণে এখন পর্যন্ত দেশের কোথাও একজন দাবিদারও সম্পত্তি ফেরত পাননি।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, এটি আইন মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নয়। সলিসিটারের কার্যালয় থেকে পাঠানো একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর দেওয়া অনুশাসনমাত্র। আইনমন্ত্রী বলেন, সলিসিটারের কার্যালয় থেকে তাঁর কাছে পাঠানো একটি ফাইলের নোটে বলা হয়েছিল, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোনো ‘সিভিল রিভিশন’ (জমিজমা-সংক্রান্ত মামলায় যার বিপক্ষে রায় হয়, তাঁর করা আপিল-বিশেষ) করা হবে কি না। এর জবাবে তিনি অনুশাসন দিয়েছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে ট্রাইব্যুনালের রায়ই চূড়ান্ত। তাই এ ক্ষেত্রে সিভিল রিভিশন করার কোনো সুযোগ নেই। তবে কেউ সংক্ষুব্ধ হলে রিট (সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার প্রতিকার চেয়ে উচ্চ আদালতে করা আবেদন) করতে পারেন।
সরকারের তত্ত্বাবধানে থাকা ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি প্রত্যর্পণের ক্ষেত্রে ট্রাইব্যুনালের রায় সম্পত্তির দাবিদার ব্যক্তির পক্ষে গেলে সরকারই সংক্ষুব্ধ হয়ে রিট করতে পারে কি না এবং প্রতিটি রায়ের ক্ষেত্রে আলাদা রিট হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সরকারের পক্ষে জেলা প্রশাসকেরা প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদা রিট করতে পারেন। তবে প্রত্যর্পণ আইন এবং সরকারের এ-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হলে রিট করার কোনো প্রশ্ন উঠবে না।
গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানা দাশগুপ্ত। উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, শামসুল হুদা, কাজল দেবনাথ, তবারক হোসেন, আবু ওবায়দুর রহমান ও এস এম রেজাউল করিম।
এদিকে বাতিল করা ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (যে সম্পত্তি সরকারের হাতে নেই) দাবিদারের আবেদনের সময় তিন মাস বাড়ল। এখন ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। গতকাল সোমবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।