অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে বাধা অপসারণ দাবি
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে সব বাধা অপসারণ এবং প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩ সম্পর্কিত বিল প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারা দেশে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনশন হয়। ১৯ অক্টোবর সারা দেশে একই দাবিতে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।
অনশন কর্মসূচি পালনকালে নেতারা বলেন, অর্পিত সম্পত্তিসংক্রান্ত পাঁচ দশকের জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী দুই বছর আগে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে বেআইনিভাবে ‘খ’ তফসিল যুক্ত করা হয়। পরে একের পর এক সংশোধনী এনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের ক্ষেত্রে নিরীহ জনগণকে অহেতুক জটিলতা ও হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়।
নেতারা আরও বলেন, খবর এসেছে যে, সরকার ‘খ’ তফসিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা এখনো প্রকাশ করা হয়নি। দেশের দেবোত্তর সম্পত্তিগুলো পুনরুদ্ধার, সংস্কার ও সংরক্ষণ বিষয়ে আইন প্রণয়নের দীর্ঘকালের দাবিকে বিবেচনায় নিয়ে ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হলেও তাতে অধিকতর পর্যালোচনার আবশ্যকীয়তা রয়েছে। সরকারের শেষ সময়ে দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন সম্পর্কিত বিল সংসদে উপস্থাপন যথার্থ হবে না।