অর্পিত সম্পত্তি বন্দোবস্ত বাতিলের আবেদন করলেন সেই পিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় স্থানীয় সাংসদের পিএস ও জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী সমপ্রতি ১০ শতাংশ অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নিয়েছিলেন। গতকাল বুধবার সেই বন্দোবস্ত বাতিলের জন্য তাঁরা নিজেরাই আবেদন করেছেন। এ নিয়ে সোমবার প্রথম আলোয় ‘সাংসদের পিএসকে অর্পিত সম্পত্তি বন্দোবস্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পৃথক আবেদনে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমানের পিএস ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. ইব্রাহিম উল্লেখ করেন, বন্দোবস্ত পাওয়া জমি তাঁদের গ্রামের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় এখানে এসে বসবাস করা কষ্টসাধ্য হবে। তাঁরা স্বজ্ঞানে, নিজের ইচ্ছায় জমির বন্দোবস্ত বাতিলের জন্য আবেদন করছেন। এমদাদ হোসেন বন্দোবস্ত বাতিলের আবেদন দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী জানান, বন্দোবস্ত বাতিলের আবেদন গতকাল তিনি পেয়েছেন। বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনকারীদের ডেকে এনে এ বিষয়ে কথা বলা হবে। প্রসঙ্গত, ১৯৪৯ সাল থেকে শহরের উকিলপাড়ায় সুনামগঞ্জ সরকারি কলেজের কৃষ্ণচন্দ্র ছাত্রাবাসের পাশে ১৮ শতাংশ জমির একটি বাড়িতে বাস করছে প্রয়াত দীনেশ চন্দ্র রায়ের পরিবার। বাড়িটি নিয়ে একটি অর্পিত সম্পত্তি মামলা রয়েছে। সমপ্রতি বাড়ির ১৮ শতাংশ জায়গার মধ্যে ১০ শতাংশ এমদাদ হোসেন ও ইব্রাহিমের নামে বন্দোবস্ত দেওয়া হয়।