অর্পিত সম্পত্তি ব্যক্তির নামে নিবন্ধন, সাব রেজিস্ট্রার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে দুর্নীতির মাধ্যমে কয়েক একর সরকারি অর্পিত সম্পত্তি ২৫ ব্যক্তিকে দলিল করে দেওয়ার অভিযোগে জেলা সদরের সাব-রেজিস্ট্রার মো. আবদুর রশিদ মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।

গত ৫ মে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা-৬ থেকে পাঠানো এক চিঠিতে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়। একই অভিযোগে রশিদ মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রশিদ মণ্ডল অসদাচরণ ও দুর্নীতির আশ্রয় নিয়ে মেহেরপুর সদর উপজেলার ১২টি সরকারি (অর্পিত) সম্পত্তি ব্যক্তিমালিকানায় দলিল করে দিয়েছেন। এতে সরকারি স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া রশিদ মণ্ডল স্বীকার করেন, তাঁর কিছু দোষত্রুটি হয়েছে। সম্পত্তিগুলো অর্পিত তালিকাভুক্ত। জেলা রেজিস্ট্রার আব্বাস আলী জানান, ১২টি সরকারি অর্পিত সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ সত্য। তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে।