নতুন করে আরও প্রায় ছয় হাজার একর ভূসম্পত্তি অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকাভুক্ত করে আবার তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। কিন্তু তা করা বিদ্যমান আইনের পরিপন্থী হওয়ায় আইনটি আবারও সংশোধনের চেষ্টা করা হচ্ছে। এর আগে আইনটি ছয়বার সংশোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইন সংশোধন করে নতুন তালিকা প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয়ের যুক্তি হলো, অন্তত ৪৫টি জেলা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা ওই ছয় হাজার একর ভূসম্পত্তির তালিকা পাঠিয়েছেন। এসব সম্পত্তি এর আগে প্রকাশিত অর্পিত সম্পত্তির তালিকায় নেই। তাই নতুন করে সেগুলো তালিকাভুক্ত ও প্রকাশ করা না হলে প্রকৃত দাবিদারেরা এসব সম্পত্তি থেকে বঞ্চিত হবেন।
তবে আরেকটি সূত্র জানায়, যুক্তি দেখানো হলেও প্রকৃত ঘটনা হলো, এসব সম্পত্তি প্রকৃতপক্ষে অর্পিত সম্পত্তি নয়। এগুলো সরকার কখনো হেফাজতে নেয়নি। সরকারের হাতেও এগুলো নেই। স্থানীয় টাউট ও তহশিলদার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের একাংশ যোগসাজশ করে সরকারি খাতাপত্রে এসব সম্পত্তি অর্পিত হিসেবে উল্লেখ করে মালিকদের হয়রানি করে এসেছেন।
এসব ভূসম্পত্তিই ‘খ’ তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু সরকার পরে ‘খ’ তালিকা বাতিল করায় এসব সম্পত্তি কীভাবে খাতাপত্রে অর্পিত হিসেবে চিহ্নিত তালিকা থেকে বাদ দেওয়া হবে তা নিয়ে ওই কর্মকর্তারা সমস্যায় পড়েছেন। তাই আবারও আইন সংশোধনের মাধ্যমে এসব সম্পত্তি অর্পিত হিসেবে তালিকাভুক্ত করার প্রয়োজন দেখা দিয়েছে।
আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ১৯৭৪ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার অর্পিত সম্পত্তি আইন বাতিল করে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান আবার সেই আইনটিই পুনরুজ্জীবিত করেন। এরপরই শুরু হয় ভূমির মালিকদের টাউট, তহশিলদার ও একশ্রেণির কর্মকর্তার হয়রানি ও ঘুষ-দুর্নীতি। কিন্তু সুপ্রিম কোর্টের এক রায়ে (৫৮ ডিএলআর ১৭৭ এডি) ১৯৭৪ সালের ২৩ মার্চের পর আর কোনো ভূসম্পত্তিকে অর্পিত তালিকাভুক্ত করাকে অবৈধ ঘোষণা করা হয়। তারপরও তহশিলদার কার্যালয়ের খাতাপত্রে অনেক ভূসম্পত্তি অর্পিত হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। কিন্তু আইনের দৃষ্টিতে তা অবৈধই রয়ে গেছে।
এসব সম্পত্তি প্রথমে ‘খ’ তালিকাভুক্ত করা হয়। সরকার সে তালিকা বাতিল করার পর ভূমি মন্ত্রণালয় এর আগেও একবার আইনটি সংশোধনের চেষ্টা করেছিল। তখন ‘অর্পিত সম্পত্তি (সংশোধন) ২০১৪’ নামে একটি বিলের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনও করা হয়। তাতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ৯ ধারার সঙ্গে নতুন একটি উপধারা (১ ক ক) সংযোজনের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় মন্ত্রিসভার বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাতিল করে দেন।
এখন আবারও ভূমি মন্ত্রণালয় সেই একই উদ্যোগ নিল। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ভূমিসচিব শফিউল আলম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভায় পাঠানো প্রস্তাবটি ফেরত আসার পর এখন পর্যন্ত উল্লেখযোগ্য আর কিছু হয়নি।
তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, প্রস্তাবটি পরিমার্জন করে আবারও মন্ত্রিসভায় পাঠানোর আয়োজন চলছে। কারণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে এখনো কিছু সংশোধন দরকার। যেমন ট্রাইব্যুনালে আবেদনের নির্ধারিত সময়সীমার মধ্যে (৩১ ডিসেম্বর ২০১৩) অনেকে অবেদন করতে পারেননি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই ট্রাইব্যুনালে আবেদনের সময় বাড়ানো দরকার হতে পারে। এ রকম আরও কিছু বিষয় থাকতে পারে।
জানতে চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, এ ধরনের উদ্যোগের আসল উদ্দেশ্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের প্রক্রিয়াটি দীর্ঘায়িত করা ও নতুন নতুন জটিলতা সৃষ্টি করা।