অর্পিত সম্পত্তি হিসেবে রাজার কথিত স্ত্রীর নামে গেজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে রাজার স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত হয়নি। তিনি সম্পত্তি ফেলে ভারতেও চলে যাননি। অথচ কথিত এই স্ত্রীর নামেই এবার রাজশাহীর পুঠিয়ার চার আনা রাজ এস্টেটের ২২ একর ৫১ শতাংশ জমি অর্পিত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত হয়েছে। এতে দখলে নেওয়ার পরও সরকার এই রাজ এস্টেটের মালিকানা হারাতে যাচ্ছে বলে স্থানীয় ব্যক্তিরা আশঙ্কা করছেন।কথিত এই স্ত্রীর নাম কমর বেগম। তিনি মারা গেছেন। পুঠিয়াতেই তাঁর কবর রয়েছে। এই কমর বেগম নিজেকে চার আনা রাজ এস্টেটের মালিক মৃত রাজা নরেশ নারায়ণের স্ত্রী ও তাঁর সম্পত্তির বৈধ উত্তরাধিকার দাবি করে কলকাতা হাইকোর্টে ১৫০৮/১৯৪৪ নম্বর মামলা করেন। মামলায় তিনি পরাজিত হন। এরপর তিনি রাজশাহী সাব-জজ আদালত থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত দৌড়ঝাঁপ করেন। কিন্তু আদালত বারবার তা খারিজ করে দেন।আদালতে হেরে গিয়ে তিনি কোনোভাবে আরএস রেকর্ডের সময় এই এস্টেটের পুঠিয়া মৌজার ৬৪ নম্বর খতিয়ানের ২২ দশমিক ৯৪ একর জমি নিজের নামে রেকর্ড করে নেন। আর মাত্র ১ দশমিক ৪৭ একর জমি সরকারের অবশিষ্ট থাকে, যা রহস্যজনক। এতে এখন কাচারিঘরটি রয়েছে। বেদখল অংশের মধ্যে রয়েছে চৌকি ও শ্যামসাগারসহ প্রায় ২০ একর পুকুর।অন্য একটি মামলার সূত্র ধরে ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর ভূমি আপিল বোর্ড রায় দেয়, চার আনা এস্টেটের সব সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডসভুক্ত সরকারি সম্পত্তি। এতে ১৯৫১ সালের পর ওই সম্পত্তি নিয়ে সব আইনি প্রক্রিয়া অবৈধ বলে গণ্য হয়। কমর বেগম বা অন্য কারও নামে রেকর্ড হয়ে থাকলে তা ভুলবশত হয়েছে।আদালতের রায়ের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে পুঠিয়ার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ শাহ পুকুরগুলো দখলমুক্ত করে সাইনবোর্ড টাঙিয়ে দেন।কমর বেগমের মেয়ে রেজিনা জামালও জীবিত নেই। রেজিনার সন্তানেরা চার আনা এস্টেটে বাড়ি করে বসবাস করছেন। জীবদ্দশায় রেজিনা নিজের অবস্থানকে আরও দৃঢ় করতে ২০০২ সালে প্রভাবশালী মহলের কাছে রাজপ্রাসাদসহ বেশকিছু জমি বিক্রি করে দিয়ে একটি অবৈধ দখলদার চক্র গড়ে তোলেন। এই চক্রের মধ্যে আইনজীবীও রয়েছেন বলে জানা গেছে।অথচ আদালতের নথি অনুযায়ী, চার আনা রাজ এস্টেটের জমিদার রাজা নরেশ নারায়ণ তাঁর সব সম্পত্তি স্ত্রী সুরেস্বরী দেবীকে লিখে দেন। সুরেশ্বরী দেবীর নামে রেকর্ড প্রকাশিত হয়।বিশেষজ্ঞরা বলছেন, এখন এই রাজ এস্টেটের মালিক সরকার। তার পরও অর্পিত সম্পত্তি (ভিপি) হিসেবে গেজেটভুক্ত হলে সুরেশ্বরী দেবীর নামেই হতে হবে। কারণ, অর্পিত সম্পত্তি হতে হলে অবশ্যই এই সম্পত্তির মালিক ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর থেকে ১৯৬৯ সালের আগস্টের মধ্যে দেশ ছেড়ে ভারতে যেতে হবে। কিন্তু কমর বেগম এ দেশ ছেড়ে ভারতে যাননি। এখানেই তাঁর মৃত্যু হয়েছে। অথচ তাঁরই নামে কীভাবে এই সম্পত্তি অর্পিত হিসেবে গেজেটভুক্ত হয়, তা নিয়ে পুঠিয়ার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আইনজীবীরা জানান, এই গেজেটের বিরুদ্ধে আদালত আর কোনো ব্যবস্থা নিতে পারবেন না।এ প্রসঙ্গে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান আবদুস সামাদ প্রথম আলোকে জানান, কমর বেগমের নামে গেজেটভুক্ত হলেও এ সম্পত্তির মালিক সরকার। এখন তাঁর উত্তরাধিকারেরা যদি এই সম্পত্তি নিজের বলে দাবি করেন, তাহলে তাঁদের অর্পিত সম্পত্তি অবমুক্তকরণ ট্রাইব্যুনালে বা এর জেলা কমিটির কাছে আবেদন করতে হবে। সেখানে তাঁদের মালিকানার অনুকূলে কাগজপত্র দেখাতে হবে। দেখাতে না পারলে বা আবেদন না করলে একটা নির্দিষ্ট সময় পর এই সম্পত্তি সরকারের হয়ে যাবে। তিনি আরও জানান, আইয়ুব খানের আমলে ‘মার্শাল ল’ চলাকালে একজন ক্যাপ্টেন এডিসি রেভিনিউয়ের দায়িত্বে ছিলেন। তিনি সুরেস্বরী দেবীর নাম কেটে কমর বেগমের নামের রেকর্ড সংশোধন করে দেন। সেই সূত্র ধরে তাঁর নামেই হয়তো অর্পিত সম্পত্তি হিসেবে গেজেট হয়েছে।