অর্পিত সম্পত্তিতে আ.লীগের কার্যালয়!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের প্রাণকেন্দ্র চারতলা মোড়ে অর্পিত সম্পত্তিতে দলীয় কার্যালয় নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিবর রহমানের নামে সাড়ে নয় শতক জমি এক বছরের জন্য ইজারা নিয়ে ওই কার্যালয় করা হয়েছে। ইজারার শর্ত লঙ্ঘন করে এটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, আলমডাঙ্গা শহরের চারতলা মোড়ের ‘পাডিয়া অয়েল মিল’ দেশ স্বাধীন হওয়ার আগে বৃহত্তর কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে বড় ভোজ্যতেলের কারখানা ছিল। প্রহ্লাদ পাডিয়া ছিলেন এ কারখানার মালিক। স্বাধীনতার পর প্রহ্লাদ পাডিয়া সপরিবারে ভারতে চলে যান। এ কারণে তাঁদের কারখানা, বাড়ি, দোকান ও পতিত জমি ১৯৭৮ সালে অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের দখলে চলে যায়। এর পরিমাণ এক একর পাঁচ শতক। অর্পিত সম্পত্তিভুক্ত হওয়ার পর কারখানার ভবনের ইট ও যন্ত্রাংশ দুর্বৃত্তরা নিয়ে যায়। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কালীদাসপুর গ্রামের সুলতান জোয়ার্দার ওরফে শফিউর রহমান ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পাডিয়া কারখানার পতিত ৫৯ দশমিক ৪৩ শতক জমি ইজারা নেন। তিনি ইজারার শর্ত লঙ্ঘন করলে তা বাতিল হয়ে যায়। ২০০১ সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী অর্পিত সম্পত্তি নতুন করে ইজারা ও নবায়ন বন্ধ হয়ে যায়। কিছুদিন বন্ধ থাকার পর আওয়ামী লীগের নেতা মজিবর রহমান চলতি বছরের ২ ফেব্রুয়ারি ওই জমি ইজারা নেওয়ার জন্য উপজেলা ভূমি কার্যালয়ে আবেদন করেন। উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো আহসান হাবীব জানান, গত ৮ ফেব্রুয়ারি আবেদনটি তাঁদের কার্যালয়ে নথিভুক্ত করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবদুস সালাম তাঁকে ৯ দশমিক ৬৩ শতক জমি এক বছরের জন্য শর্তসাপেক্ষে ইজারা দেন। শতকপ্রতি বার্ষিক ৪০ টাকা ইজারা মূল্য ধরা হয়। ইজারা দেওয়ার সময় শর্ত দেওয়া হয়েছে, ইজারা চুক্তি বলবৎ হওয়ার আগেই বার্ষিক ইজারার সমুদয় টাকা ইজারাগ্রহীতাকে অগ্রিম পরিশোধ করতে হবে। ইজারাগ্রহীতা জমির প্রকৃতি নষ্ট বা কোনোরূপ পরিবর্তন করতে পারবেন না। কিন্তু মজিবর রহমান এসব শর্ত ভেঙে ওই জমিতে দলীয় কার্যালয় নির্মাণ করে জমির প্রকৃতি পরিবর্তন করেছেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বলেন, ‘জমিটা মূলত পার্টির নামেই ইজারা হওয়ার কথা। আমি দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তাই ইজারা গ্রহণের সময় আমার নাম ব্যবহার করা হয়েছে। ’ইউএনও মুহা. আবদুস সালাম জানান, ২০০২ সালে ২০০১ সালের প্রত্যর্পণ আইনের সংশোধনী হয়েছে। সে অনুযায়ী আগে যেসব অর্পিত সম্পত্তি ইজারা দেওয়া হয়েছে, সেসব সম্পত্তি ইজারা দেওয়া যাবে। শর্ত ভেঙে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের বিষয়ে তিনি বলেন, সেখানে যে স্থাপনা তৈরি হয়েছে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো হুমকি সৃষ্টি না করলে আইনগতভাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।