অর্পিত সম্পত্তিতে ঘর ও দোকান মাসে বিপুল টাকা আদায়
শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া রেলস্টেশনের পাশে ১৯০ শতাংশ অর্পিত সম্পত্তিতে বস্তিঘর ও দোকানপাট তুলে প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা ভাড়া তুলে হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি গোষ্ঠী। তারা আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের এই জমি প্রভাব খাটিয়ে দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিন ঘুরে জানা গেছে, চাষাঢ়া রেলস্টেশনের উত্তর পাশে জেলা প্রশাসনের ১৯০ শতাংশ অর্পিত সম্পত্তি রয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ছাড়া অর্পিত সম্পত্তির পুরোটাই একসময় জলাশয় ছিল। এসব জলাশয় আশপাশের মহল্লাগুলোর পানি নিষ্কাশনের কাজে ব্যবহূত হতো। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) আইরিন পারভীন গত ১৬ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে ওই সম্পত্তি সম্পর্কে লিখিত প্রতিবেদন পাঠান।ওই প্রতিবেদনে আইরিন পারভীন উল্লেখ করেন, চাষাঢ়া মৌজার এসএ ৬২ খতিয়ানের ২৩ দাগে ১৯০ শতাংশ সরকারি অর্পিত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির বেশির ভাগই বর্তমানে অবৈধ দখলে। দখলদারেরা সেখানে রাতের অন্ধকারে ঘর ও দোকান নির্মাণ করেছে। অবৈধ দখলদার রমজান মিয়া, জালাল মিয়া, আমির হোসেন, মাকসুদাসহ সবাই উচ্ছৃঙ্খল প্রকৃতির। সরকারি সম্পত্তি জবরদখলে প্রশাসন বারবার বাধা দেওয়া সত্ত্বেও তারা অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছে। অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর সেনাবাহিনীর সহায়তায় জেলা প্রশাসন ওই সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করেছিল। ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকে ওই জমিতে অবৈধ দখলদারেরা আবারও দখল করে বস্তিঘর, দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া শুরু করে। একসময় বেশির ভাগ সম্পত্তি জলাশয় থাকলেও দখলদারেরা বালু ফেলে তা ভরাট করে ফেলে। ২০০৯ সালের ১৬ মার্চ জেলা প্রশাসন বাধা দিতে গেলে অবৈধ দখলদার ও তাদের নিয়োজিত সন্ত্রাসীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে তাঁদের মারধর করে। এতে অনেক কর্মকর্তা-কর্মচারী জখম হন। এ ব্যাপারে সদর উপজেলার এনায়েতনগর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শেখ হাসানুল করীম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।মামলায় বাদী অভিযোগ করেন, সরকারি অর্পিত সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দিতে গেলে রমজান মিয়া, জালাল মিয়া, আমির মিয়া, মাকসুদা বেগম তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে।ইতিমধ্যে পুলিশ তদন্ত শেষে মামলার আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মূল্যবান সরকারি জমিতে অবৈধভাবে ঘর ও দোকান তুলে সেখান থেকে প্রতি মাসে ভাড়া বাবদ কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। বস্তিঘরে চলে অবাধে মাদকের ব্যবসা। সন্ধ্যার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ও এর দুই পাশ দিয়ে চলাচলকারী পথচারী বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকেরা প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হন। এ ছাড়া অবৈধভাবে গড়ে তোলা বস্তিঘরগুলোতে সুষ্ঠু পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বাঁশের ঝুলন্ত টয়লেটের কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সরকারি জলাশয় ভরাট করে ফেলায় পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে এই জমির আশপাশে থাকা ইসদাইর, জামতলা, চাষাঢ়ার চানমারী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিনও স্বীকার করেন, চাষাঢ়া রেলস্টেশনের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি এলাকা থেকে প্রায়ই অপরাধ তৎপরতার খবর পাওয়া যায়। সেখানে পুলিশের নজরদারি রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খুরশিদ আলম বলেন, চাষাঢ়া মৌজায় আরএস ১২৩ খতিয়ানের ১৯০ শতাংশ ভূমি সরকারি অর্পিত সম্পত্তি। এর আগে ২০০৯ সালের মার্চে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে তারা জেলা প্রশাসনের লোকজনের ওপর হামলা চালায়। এ ব্যাপারে দায়ের করা মামলাটির সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে আদালতে শেষ হয়েছে। জেলা প্রশাসন খুব শিগগির ওই সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালাবে।